গ্যাসের অভাবে বাড়ছে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্যাস-সংকট ক্রমশ তীব্র হচ্ছে। গ্যাসের অভাবে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতিদিনই আবাসিক এলাকায় সংকট দেখা দিচ্ছে। গত কয়েক দিনে গ্যাসের চাপ কমে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে গ্রাহকদের।
জানা গেছে, সংকট নিরসনের জন্য কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি (কেজিডিসিএল) জাতীয় গ্রিডের কাছে বাড়তি গ্যাস চেয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি। কেজিডিসিএল সূত্রে জানা গেছে, গত বৃহষ্পতিবার দেশে গ্যাসের মোট উৎপাদন ছিল দুই হাজার ৩১১ মিলিয়ন ঘনফুট। অথচ সেখানে বৃহস্পতিবার চট্টগ্রাম পেয়েছে মাত্র ২১৩.৯ মিলিয়ন ঘনফুট গ্যাস। চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট।
কেজিডিসিএল জানায়, অনেক দিন ধরেই চাহিদার বিপরীতে গ্যাস কম পাচ্ছিল চট্টগ্রাম। গত অক্টোবর থেকে সাঙ্গু গ্যাসফিল্ড থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেমুতাং গ্যাসফিল্ড থেকেও সরবরাহ অর্ধেকে নেমে এসেছে।
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক ফিরোজ আলম জানান, গ্যাস বিতরণ পাইপলাইনের শেষ প্রান্তে চট্টগ্রামের অবস্থান। এ কারণে বেশ কিছুদিন ধরে গ্যাসে নিম্নচাপ চলছে। এতে করে সমস্যা আরও বেড়েছে।
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মীর আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘গ্যাস-সংকটের সমাধান খুব সহসাই হচ্ছে, এ কথা বলব না। কারণ তা শুধু মুখের কথাই হবে। তবে সরকার বসে নেই। আমরাও যেটুকু গ্যাস পাই, সেটি সমবণ্টন করার চেষ্টা করি।’
সার কারখানা চালু থাকার কারণে চট্টগ্রামের দুটি তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। আগামী মাসেই বোরো মৌসুম শুরু হলে এ দুটো কেন্দ্র চালু করার প্রয়োজন পড়বে। সে ক্ষেত্রে সংকট আর বেড়ে যাবে কি না, এ প্রশ্নে মহাব্যবস্থাপক ফিরোজ আলম জানান, বিদ্যুৎকেন্দ্র চালু হলে সার কারখানায় উৎপাদন বন্ধ রাখা হতে পারে।
নগরের অক্সিজেন, বহদ্দারহাট, বাকলিয়া, লাভলেইন, আশকার দীঘিরপাড়, আন্দরকিল্লা, রহমতগঞ্জ, পাহাড়তলী, সাগরিকা রোড, জামালখান, পতেঙ্গা, হালিশহরসহ নগরের বেশির ভাগ এলাকাতেই গ্যাস-সংকট চলছে। অনেকেই মাটির চুলা, কেরোসিনের স্টোভে রান্না করছেন। সিলিন্ডার গ্যাস কিনেও অনেককে কাজ চালাতে হচ্ছে।
রহমতগঞ্জের বাসিন্দা আনোয়ারা বেগম নামের একজন গৃহিণী জানান, সকাল ছয়টার আগেই গ্যাস চলে যায় তাঁদের। সন্ধ্যা সাতটার পর একটু একটু করে গ্যাসের দেখা পাওয়া গেলেও চাপ থাকে না। রাত ১২টার পর চুলায় আগুন ধরানো সম্ভব হয়। প্রথম এক মাস রাত জেগে রান্না করতে হয়েছে। পরে বাধ্য হয়ে সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা কিনেছেন তাঁরা। সাইদুল হক নামের বাকলিয়ার একজন আবাসিক গ্রাহক বলেন, ‘গত তিন মাস ধরে গ্যাস পাচ্ছি না। বাধ্য হয়ে সিলিন্ডার কিনেছি। কিন্তু এতে করে মাসে তিন হাজার টাকা খরচ বেড়ে গেছে।’
গ্যাস-সংকটের সমাধান চেয়ে নগরে প্রায় প্রতিদিনই মানববন্ধন, সভা-সমাবেশ করছে বিভিন্ন নাগরিক সংগঠন। বিএনপিও চট্টগ্রামে একই দাবিতে রাস্তায় নেমেছে। চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক কল্যাণ সমিতি পর্যাপ্ত গ্যাস না পাওয়া পর্যন্ত সার কারখানাগুলো বন্ধের জন্য সরকারের কাছে আবেদন করেছে। গ্যাসের জন্য হাহাকার চলছে শিল্প-কারখানাতেও। জানা গেছে, চট্টগ্রামের ৬২টি সিএনজি ফিলিং স্টেশনের অর্ধেকই গ্যাসের অভাবে বন্ধ আছে। গ্যাস না পেয়ে ব্যবসায়ীরাও ক্ষোভে ফুঁসছেন। গ্যাস-সংকটের সমাধান চেয়ে গত ৬ ফেব্রুয়ারি জ্বালানি উপদেষ্টাকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। গত বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। অথচ শিল্পের জন্য অপরিহার্য গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না আমরা। এভাবে চললে অন্যান্য অঞ্চলের সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতায় পিছিয়ে যাব। শিল্প-কারখানাগুলোও রুগ্ণ হয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে।’