বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেছেন, দেশে বর্তমানে গ্যাসের প্রচণ্ড ঘাটতি রয়েছে। এ কারণে আরও বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্দকার মোকাররম ভবনে নবায়নযোগ্য শক্তিবিষয়ক জাতীয় সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন শেষে এনামুল হক সাংবাদিকদের এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা ইনস্টিটিউ এবং বাংলাদেশ সৌরশক্তি সমিতি যৌথভাবে এ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে।গতকাল শুরু হওয়া তিন দিনব্যাপী প্রদর্শনীতে ২১টি প্রতিষ্ঠান তাদের নবায়নযোগ্য শক্তি প্রযুক্তির সরঞ্জামাদি প্রদর্শন করছে।এনামুল হক বলেন, এ বছর আগের চেয়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন করা হচ্ছে। কিন্তু পাশাপাশি বিদুুতের গ্রাহকসংখ্যাও বেড়েছে ২১ লাখ। এ ছাড়া সেচের পানি তোলার জন্য অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে। তাই লোডশেডিং হচ্ছে।বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি পাওয়ার কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, কোনো জিনিস দুষপ্রাপ্য হয়ে গেলে তো দাম বাড়বেই। এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য শুধু গ্যাস কিংবা খনিজ সম্পদের ওপর নির্ভর করলে চলবে না, বিকল্প ব্যবস্থা হিসেবে নবায়নযোগ্য শক্তির কথা ভাবতে হচ্ছে।সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ৭০০ কোটি মানুষের বিশ্বে বিদ্যুতের বিকল্প উৎপাদন কৌশল এখন সময়ের দাবি। এ নিয়ে গবেষণা জোরদার করার জন্য তিনি ইনস্টিটিউটের গবেষকদের প্রতি আহ্বান জানান।সেমিনারে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ সৌরশক্তি সমিতির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউটের পরিচালক রেজাউল করিম মজুমদার প্রমুখ বক্তব্য দেন।