গ্যাসের আগুনে দগ্ধ ৪ শিশুসহ ৯ জন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের দক্ষিণ কুট্টাপাড়ায় গ্যাসের আগুনে চার শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনায় দগ্ধ চারজনকে গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুট্টাপাড়া গ্রামে প্রবাসী রাসেল মিয়ার টিনের চালার পাকা ঘর। ঘরের ভেতর রক্ষিত এলপি গ্যাস সিলিন্ডারের সঙ্গে যুক্ত পাইপের সুক্ষ্ম ছিদ্র দিয়ে শুক্রবার দিনভর গ্যাস বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাসেল মিয়ার স্ত্রী শিউলি বেগম (২৫) বাড়িতে ফিরে দরজা খুলতেই ঘরের ভেতরের গ্যাস দ্রুত বেরিয়ে চুলার আগুনের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই ঘরসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। তখন শিউলিসহ ঘরের সামনে উঠানে থাকা নয়জন দগ্ধ হয়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন।
দগ্ধ অন্যরা হলেন রাসেল মিয়ার ছোট বোন তাসলিমা বেগম (১০), বড় ভাইয়ের মেয়ে সাইমা বেগম (১০), ভাবি জরিনা বেগম (৩৫), রাসেলের চাচাতো ভাই আবু কালাম (২৮) ও ইয়ামিন মিয়া (১০), প্রতিবেশী আবদুর রহমান (৮), ইব্রাহিম মিয়া (১৮) এবং এখলাছ মিয়া (২৫)। এঁদের মধ্যে তাসলিমা বেগম, জরিনা বেগম, আবু কালাম, ইয়ামিন মিয়া ও আবদুর রহমানকে জেলা সদর হাসপাতালে, ইব্রাহিম মিয়া ও এখলাছ মিয়াকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিউলি বেগম ও সাইমা বেগমকে জেলা সদরের দুটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের সার্জারি বিভাগের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, আশঙ্কাজনক অবস্থায় চারজনকে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আবু কালাম, ইয়ামিন মিয়া, ইব্রাহিম মিয়া ও আবদুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কবীরুল ইসলাম বলেন, সম্ভবত সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাস থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।