গ্যাসের আগুনে দম্পতি দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দনিয়া এলাকার নূরপুরে গত মঙ্গলবার মধ্যরাতে বদ্ধ ঘরে মশার কয়েল জ্বালাতে গিয়ে এক দম্পতি গুরুতর দগ্ধ হয়েছেন। সারা শরীর ঝলসে যাওয়া পোশাক কারখানার ঝুট ব্যবসায়ী মনির হোসেন (২৫) ও তাঁর স্ত্রী নাজমা আক্তারকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্বজনেরা জানান, রান্নাঘরের গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের সঙ্গে আগুনের সংস্পর্শে এ ঘটনা ঘটে।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন গৃহবধূ নাজমা অস্পষ্ট কণ্ঠে বলেন, মশার উৎপাতে মঙ্গলবার সন্ধ্যায় তিনি এক কক্ষের বাসার দরজা-জানালা লাগিয়ে দেন। সিলিং ফ্যান চালালেও মশার উৎপাত কমেনি। বাধ্য হয়ে তাঁর স্বামী কয়েল ধরাতে গিয়ে দেশলাই জ্বালান। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুজনের শরীরে আগুন ধরে গেলে তাঁরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি। পরে কোনোমতে তাঁরা দরজা খুলে বাইরে আসেন। এরপর প্রতিবেশীরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নাজমা জানান, ৬ অক্টোবর তাঁরা ৮৮০ নূরপুরের পাঁচতলা ভবনের নিচতলার এক কক্ষ মাসিক চার হাজার টাকায় ভাড়া নেন। বাসায় উঠেই তাঁরা গ্যাসের গন্ধ পেয়ে লাইন ছিদ্র থাকার সন্দেহের কথা জানান বাড়ির মালিককে। কিন্তু মালিক দু-এক দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিলেও তা রাখেননি।

নাজমার শাশুড়ি আম্বিয়া খাতুন বলেন, নাজমা দুই মাসের অন্তঃসত্ত্বা। গতকাল বুধবার বিকেলে নূরপুরের ভাড়া বাসা থেকে দগ্ধদের জন্য টেবিল ফ্যান আনতে গিয়ে দেখেন, বাসাটিতে তালা লাগানো। মালিক জানিয়ে দেন, ভেতরে ঢোকা যাবে না।

গতকাল বিকেলে এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিনি এ ঘটনা জানেন না। গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর দেওয়া হয়নি।

দুপুরে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, মনির ও তাঁর স্ত্রী নাজমা পোড়া ঘায়ে ব্যান্ডেজ নিয়ে কাতরাচ্ছেন। ওই দম্পতির শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, মনিরের শরীরের ৯৮ শতাংশ পুড়েছে। তাঁর শ্বাসনালি পুড়ে গেছে। তাঁর অবস্থা সংকটাপন্ন। আর নাজমার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত না হলেও শরীরের ৪৫ শতাংশ পুড়েছে। তিনিও আশঙ্কমুক্ত নন।