গ্যাসের আবাসিক সংযোগ চালু না হলে আন্দোলনের হুমকি
সিলিন্ডার ব্যবসায়ীদের স্বার্থে সরকার গ্যাসের নতুন সংযোগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন সিলেটে ‘গ্যাস-সংযোগ প্রতিরোধ আন্দোলন’-এর নেতারা। ব্যবসায়ীদের স্বার্থ না দেখে জনস্বার্থে গ্যাসের আবাসিক সংযোগ চালুর আহ্বান জানিয়েছেন তাঁরা। অন্যথায় সাধারণ মানুষকে নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।
সিলেটসহ সারা দেশে গ্যাসের নতুন সংযোগ বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে প্রগতিশীল বাম সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’ গতকাল শনিবার জনসভায় এ হুঁশিয়ারি দিয়েছে।
সিলেটসহ সারা দেশে নতুন গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত গণবিরোধী স্লোগানে সিলেটে প্রায় তিন মাস ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে সর্বশেষ পর্যায়ে ১০টি পথসভা করে প্রতিরোধ আন্দোলন। গতকাল বিকেলে জনসভা করে আন্দোলনের দ্বিতীয় পর্যায় শেষ করেছে। নগরের কোর্ট পয়েন্টে জনসভা হয়। প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহের সভাপতিত্বে সভায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি আরশ আলী, প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী, প্রমুখ বক্তব্য দেন।