গ্যাসের চাপ কয়েক দিন ধরে কমে যাওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার গ্রাহকেরা সংকটে পড়েছেন। বাসা-বাড়িতে রান্না ব্যাহত হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি হচ্ছে, কোনো কোনো স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। শিল্পকারখানা সঠিক চাপে গ্যাস পাচ্ছে না।
পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ শুরু করার পর থেকে এই সংকট দেখা দিয়েছে। সার কারখানাগুলোতে সরবরাহ শুরু করলে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ব্যবহার কিছুটা কমানোর কথা ছিল। কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো গ্যাসের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমায়নি। ফলে গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় চাপ কমে গেছে। এই সংকট সমাধানে উপায় বের করতে আজ বৃহস্পতিবার পেট্রোবাংলা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বৈঠকে বসছে।
পেট্রোবাংলার সূত্র জানায়, বর্তমানে দৈনিক গ্যাসের উৎপাদন ২৩০ কোটি ঘনফুটের ওপর। এর পরও বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় একসঙ্গে পূর্ণ চাহিদায় গ্যাস সরবরাহ করা সম্ভব নয়। তাই এই দুটির কোনো একটি খাতে সরবরাহ না কমালে শিল্প-বাণিজ্য, আবাসিক, সিএনজি প্রভৃতি খাতে গ্যাসের চাপ কমে যায় বা সংকট দেখা দেয়। বর্তমানে ওই অবস্থা চলছে।
এই সংকটে প্রধানত আক্রান্ত হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (টিজিটিডিসিএল) আওতাধীন ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল। বর্তমানে এই অঞ্চলেই দেশের প্রায় ৬০ শতাংশ গ্যাস ব্যবহূত হচ্ছে। এখানকার সব শ্রেণীর গ্রাহকই এই সংকটে পড়েছেন।
জানতে চাইলে টিজিটিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা যে শুধু চাহিদার তুলনায় গ্যাস কম পাচ্ছেন তা নয়, পাইপলাইনে যে চাপে গ্যাস পাওয়ার কথা, তার চেয়ে অনেক কম চাপে পাচ্ছেন। তিনি বলেন, রমজান মাসে তাঁরা আশুগঞ্জে গ্যাস পেয়েছেন ৭৫০ পিএসআই (প্রতি বর্গইঞ্চিতে ৭৫০ পাউন্ড) বা তারও বেশি চাপে। এখন পাচ্ছেন ৭০০ পিএসআইতে। কারণ, আশুগঞ্জে তিতাসের সরবরাহ ব্যবস্থায় ঢোকার পর রমজানে গ্যাস যেত শুধু বিদ্যুৎকেন্দ্রে। এখন একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায়ও যাচ্ছে প্রায় পাঁচ কোটি ঘনফুট গ্যাস। ফলে চাপ কমে যাচ্ছে।
এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা চালু রাখতে গিয়ে ঢাকার চারপাশের শিল্পাঞ্চল সঠিক চাপে গ্যাস পাচ্ছে না। চাপের সমস্যা দেখা দিচ্ছে ঢাকা মহানগরেও। বিষয়টি নিয়ে আজকের আলোচনায় একটা সমাধান হতে পারে। অর্থাৎ বিদ্যুৎকেন্দ্রে কিছুটা কম গ্যাস ব্যবহারের কার্যকর উদ্যোগ নেওয়া হতে পারে।
গত কয়েক দিনের গ্যাসের উৎপাদন ও বিভিন্ন খাতে সরবরাহের হিসাবে দেখা যায়, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ উৎপাদনে এখনো ৯২ থেকে ৯৫ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে। এ ছাড়া ননগ্রিড (বিভিন্ন শিল্পকারখানায় নিজস্ব ব্যবহারের জন্য উৎপাদিত বা ক্যাপটিভ পাওয়ার) বিদ্যুৎ উৎপাদনেও গ্যাস দেওয়া হচ্ছে প্রতিদিন ছয়-সাত কোটি ঘনফুট।
সার উৎপাদনে দেওয়া হচ্ছে প্রতিদিন ১৭-১৮ কোটি ঘনফুট। চট্টগ্রাম ইউরিয়া ও ফেঞ্চুগঞ্জ সার কারখানা বর্তমানে বন্ধ। এ দুটি চালু থাকলে এই খাতে গ্যাস সরবরাহের পরিমাণ আরও প্রায় ১০ কোটি ঘনফুট বাড়ত। শিল্প-বাণিজ্য, আবাসিক ও সিএনজি খাতে দেওয়া হচ্ছে প্রায় ১১৫ কোটি ঘনফুট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য নতুন নতুন কূপ খননের কাজ চলছে। পাইপলাইনে গ্যাসের চাপ বাড়াতে দুটি কম্প্রেসর (একটি আশুগঞ্জে, অন্যটি এলেঙ্গায়) স্থাপনের কাজও শেষের দিকে।