সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলায় ছাতক (পশ্চিম) গ্যাসক্ষেত্রের যে কূপে দুর্ঘটনা ঘটেছিল; সেটি এখনো বালুচাপা দিয়ে রাখা। কূপের উত্তর দিকে ব্যক্তিমালিকানার একটি পুকুরের এক কোণে গ্যাসের চাপে অবিরাম বুঁদবুঁদ উঠছে। এ পুকুরের পাশেই গ্যাসক্ষেত্রের বাইরের আরেকটি ব্যক্তিমালিকানার পুকুরে গ্যাসের চাপ আরও বেশি। এই পুকুর থেকে গ্যাস চুলায় নিয়ে রান্নাবান্না করছে এলাকার শতাধিক পরিবার।এদিকে কোনো বিশেষজ্ঞ নয়, গ্যাসক্ষেত্রে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনাস্থলে অসংখ্য নালা কেটে নল বসিয়ে গ্যাসের চাপ ঠেকাচ্ছেন। ওই গ্যাসক্ষেত্রে দুর্ঘটনার ছয় বছর পূর্ণ হলো আজ ৭ জানুয়ারি। জানা গেছে, ২০০৫ সালের ৭ জানুয়ারি ছাতক (পশ্চিম) গ্যাসক্ষেত্রে ভয়াবহ অগ্নি-দুর্ঘটনার পর ২৪ জুন দ্বিতীয় দফায় দুর্ঘটনা ঘটে। প্রায় ১৫ দিন পর আগুন নিয়ন্ত্রণে আসে। তখন এলাকাবাসীর বিক্ষোভের মুখে গ্যাস উত্তোলনকারী কানাডীয় কোম্পানি নাইকো স্থানীয় কার্যালয় গুটিয়ে চলে যায়। সেই থেকে গ্যাসক্ষেত্রে কর্মরত নাইকোর নিরাপত্তাকর্মীরা যেনতেনভাবে গ্যাসের চাপ কমিয়ে আসছেন।গত ২৫ অক্টোবর ‘পুকুরের গ্যাসে রা ন্না’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত সচিত্র প্রতিবেদনের কথা উল্লেখ করে আবুল কাশেম জানান, তাঁর মালিকানাধীন পুকুর থেকে গ্যাস নিয়ে তিনিসহ টেংরাটিলার শতাধিক লোকের বাড়িতে নির্বিঘ্নে রান্নাবান্না চলছে। কিন্তু নাইকোর নিরাপত্তাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে আলোচনা না করেই উপজেলা প্রশাসনকে দিয়ে এ পদ্ধতি বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১ জানুয়ারি স্থানীয় সংযোগ বন্ধে একটি নোটিশ জারি করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বাজার এলাকায় গ্যাসের সংযোগ বন্ধ রেখেছেন। তবে গৃহস্থালির ব্যবহার চলছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কঙ্কন চাকমা প্রথম আলোকে বলেন, নাইকোর পরামর্শে নয়, গ্যাস ব্যবহারের বিষয়টিতে বৈধতা আনতে প্রশাসনের পক্ষ থেকে ওই নোটিশ দেওয়া হয়। গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ২০০৫ সালে যে কূপে আগুনের সূত্রপাত ঘটেছিল, সেটির আশপাশে ফিতা দিয়ে ঘিরে ছোট ছোট নালা কাটা হয়েছে। এসব নালায় বসানো হয়েছে শতাধিক নল। গ্যাসের চাপ বাড়লে এই নলগুলো দিয়ে তা নির্গমন হয়। একজন নিরাপত্তাকর্মী জানান, গ্যাসক্ষেত্রের বাইরে গ্যাসের বুঁদবুঁদ কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ পন্থা অবলম্বন করা হচ্ছে। এতে গ্যাসের চাপ কমছে বলে নিরাপত্তাকর্মীরা দাবি করেন।গ্যাসক্ষেত্রের নিরাপত্তাকর্মীরা জানান, ভূমিসংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো কাজে নাইকোর কোনো বিশেষজ্ঞ বা প্রতিনিধি টেংরাটিলায় আসেন না। তাঁদের মাসিক বেতন-ভাতাদি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার মাধ্যমে দেওয়া হয়।গ্যাসের চাপ ঠেকাতে নিরাপত্তাকর্মীদের দিয়ে যেনতেনভাবে কাজ করা কতটুকু যৌক্তিক—জানতে মুঠোফোনে যোগাযোগ করলে নাইকোর ভূমি কর্মকর্তা আবদুল হাকিম কোনো মন্তব্য করতে রাজি হননি। কেবল নিরাপত্তাকর্মী কর্মরত থাকায় গ্যাসক্ষেত্রের অভ্যন্তরে নানা অব্যবস্থাপনা থাকার কথা নিশ্চিত করে ইউএনও বলেন, ‘টেংরাটিলায় নাইকোর কোনো দায়িত্বশীল কর্মকর্তা নেই। এ জন্য এলাকাবাসীর অভিযোগ আর ক্ষোভ নিয়ে সরাসরি কারও সঙ্গে আলাপ করা কোনোভাবেই সম্ভব হয় না।’