গ্যাসের চাপে বেরিয়ে গেছে নলকূপের পাইপ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নলকূপের পাইপ বসানোর সময় গ্যাসের চাপে পাইপ ওপরে উঠে আসে। আর শুরু হয় বিকট শব্দ। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জয়পুর গ্রামের বাসিন্দা এবং গ্রামের মসজিদ কমিটির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার সকালে মসজিদ কমিটির উদ্যোগে মসজিদের বারান্দার সামনে একটি নলকূপ স্থাপনের কাজ শুরু করেন পাঁচজন শ্রমিক। ১৮০ ফুট পাইপ বসানোর পর বিকেল পাঁচটার দিকে তাঁরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন। এ সময় প্রায় ৩০ ফুট পাইপ ওপরের দিকে উঠে আসে। নলকূপের পাইপ থেকে শব্দ হওয়ায় শ্রমিকেরা ভয়ে কাজ বন্ধ করে সেখান থেকে সরে পড়েন।
জয়পুর গ্রাম জামে মসজিদ কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন, নলকূপের পাইপ থেকে শোঁ শোঁ শব্দ বের হচ্ছে। ধোঁয়ার মতো কী যেন বের হচ্ছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, নলকূপের পাইপ দিয়ে অনবরত দ্রুতগতিতে গ্যাস ও মাঝেমধ্যে সামান্য কাদা বের হচ্ছে। বিকট শব্দও হচ্ছে। ওই স্থানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে নলকূপের কাছে লাল পতাকা টানানোসহ এর চারপাশে বেষ্টনী দেওয়া হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুর রব সরকার বলেন, গ্যাসের চাপের কারণেই এমনটি হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এটি পরীক্ষা-নিরীক্ষার করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রোবাংলার কর্তৃপক্ষকে জানিয়েছি। ইউএনকে বলেছি এ নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য।’