গ্যাসের চুলা জ্বলে টিমটিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের চুলা জ্বলছে না। মাটির চুলায় রান্নার কাজ সারছেন এক গৃহিণী। গত মঙ্গলবার নগরের ঝেরঝেরিপাড়ায় l প্রথম আলো
গ্যাসের চুলা জ্বলছে না। মাটির চুলায় রান্নার কাজ সারছেন এক গৃহিণী। গত মঙ্গলবার নগরের ঝেরঝেরিপাড়ায় l প্রথম আলো

সিলেট শহরে গ্যাসের চাপ কমে গেছে। শহরের অনেক এলাকায় গত দুই সপ্তাহ ধরে চুলা ঠিকমতো জ্বলছে না। বাধ্য হয়ে অনেকে কাঠ ও কয়লা কিনে বিকল্প চুলায় রান্না করছে। এ ছাড়া ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় সিএনজিচালিত যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড শহরের গ্যাস সরবরাহ করে। জালালাবাদ গ্যাস ভবন সূত্র জানায়, এ প্রতিষ্ঠানের সিলেট শহরে চারটি শাখায় ২৭টি ওয়ার্ডে প্রায় ২৫ হাজার আবাসিক গ্রাহক রয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি বাণিজ্যিক গ্রাহকও রয়েছে।

সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নগরের ঝেরঝেরিপাড়া, নয়াসড়ক, কাজিটুলা, শাহী ঈদগাহ, নাইওরপুল, সুবহানীঘাট, আম্বরখানা, শেখঘাট এলাকায় গ্যাসসংকট তীব্রতর। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্যাসের চুলা জ্বলে টিমটিম করে। বিকেল চারটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত ঠিকমতো গ্যাসের চাপ থাকে না। রাতের জন্য রান্না করতে বিড়ম্বনায় পড়েন গৃহিণীরা। শহরবাসীর অভিযোগ, সঞ্চালন লাইনে চাপ কম থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার মিলছে না।

এ ছাড়া ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ফলে সিএনজিচালিত যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কখন গ্যাস থাকবে, কখন থাকবে না, তা নিয়ে ফিলিং স্টেশনের মালিকেরাও অনিশ্চয়তার মধ্যে আছেন।

নগরের কুমারপাড়া এলাকার বাসিন্দা কামরুজ্জামান বলেন, ‘আমাদের এলাকায় তিন দিন ধরে গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। বাসায় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গ্যাস থাকে না। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নিভু নিভু অবস্থায় জ্বলে। আমরা খুব সমস্যায় আছি।’

নগরের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত কুমারপাড়া ও ঝেরঝেরিপাড়া মহল্লা। ওই এলাকায় গ্যাসের গ্রাহকসংখ্যাও বেশি। গ্রাহকেরা বলেন, প্রতি শীত মৌসুমে এই সমস্যায় পড়তে হয়। এবার টানা দুই সপ্তাহ ধরে গ্যাসের সংকট চলছে। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

গ্যাস ভবনের মেন্দিবাগ শাখার ব্যবস্থাপক মুশফিকুল ইসলাম আনোয়ারি প্রথম আলোকে বলেন, শীত পড়লে স্বাভাবিকভাবে গ্যাসের চাপ কম থাকে। আর এ সময় গ্যাসের চাহিদা বেড়ে যায়। গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই। শীতের তীব্রতা কমে গেলে পরিস্থিতির উন্নতি হবে।