গ্যাসের চুলা জ্বালাতেই আগুন, দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের আশুলিয়ায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে আগুন ধরে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ছবি: ইউএনবি
সাভারের আশুলিয়ায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে আগুন ধরে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ছবি: ইউএনবি

সাভারের আশুলিয়ায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে আগুন ধরে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ রোববার আশুলিয়ায় ভাদাইল এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন আলমগীর (৪০), তাঁর স্ত্রী আফরোজা খাতুন (৩০) ও তাঁদের ছেলে আলামিন (১২)। তাঁদের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। আলমগীর অ্যাক্টর গার্মেন্টসের সুপারভাইজার ও আফরোজা অপারেটর হিসেবে কাজ করেন রিয়া গার্মেন্টসে। তাঁরা আশুলিয়ার ওই তিনতলা বাড়িটির নিচতলায় ভাড়া থাকতেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, ভোর পাঁচটার দিকে আফরোজা রান্নাঘরে ঢুকে গ্যাসের চুলা জ্বালাতেই আগুন লেগে যায়। পরে সারা বাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রধান চিকিৎসক রিয়াজুল হক জানান, আফরোজার শরীরের ৭০ শতাংশ, আলামিনের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

গত মাসে ত্রুটিযুক্ত গ্যাস-সংযোগ থেকে ময়মনসিংহের ভালুকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন এবং একই বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।