গ্যাসের চুলা টিমটিম, বিড়ম্বনায় গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা রুহুল আমিনকে চিকিৎসক নিয়মিত গরম পানিতে গোসল করার পরামর্শ দিয়েছেন। কিন্তু গত কয়েক দিন সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁর বাসার গ্যাসের চুলাই জ্বলছে না। ফলে গোসল করা নিয়ে তাঁকে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানালেন তাঁর পরিবারের সদস্যরা।
পুরান ঢাকার রাজার দেউড়ির বাসিন্দা গৃহিণী কাজল ঘোষ বলেন, ‘জল গরম করা দূরে থাক, গ্যাস না থাকায় দিনের বেলায় রান্নাই করতে পারি না। ভোররাতে উঠে রান্নার কাজ সারতে হয়। অসহ্য লাগে।’
রাজধানীর অনেক এলাকায় এখন এমন পরিস্থিতি। এ জন্য বিভিন্ন এলাকার গ্রাহকদের মধ্যে ক্রমেই ছড়িয়ে পড়ছে ক্ষোভ। গ্যাস না থাকার এই বিড়ম্বনার কথা স্বীকার করে তিতাসের জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে গতকাল শনিবার জানানো হয়, তাদের কাছে এবং আঞ্চলিক কার্যালয়গুলোতেও বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রচুর অভিযোগ আসছে। গতকালও মিরপুর, পুরান ঢাকার লালবাগ, বাড্ডা, ভাটারা প্রভৃতি এলাকা থেকে অভিযোগ এসেছে। কিন্তু আপাতত করার কিছুই নেই।
বিশেষ করে লালবাগ, আজিমপুর, নতুন পল্টন, বকশীবাজার ও আশপাশ এলাকা, রাজার দেউড়ি, অভয় দাস লেন, পেয়াদাপাড়া, গেন্ডারিয়া, গোয়ালনগর, মিরপুর-১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩ নম্বর সেকশন, তেজকুনীপাড়া, কল্যাণপুর, ধানমন্ডির রায়েরবাজার, টেকেরহাট, বনশ্রী, পূর্ব ও পশ্চিম রামপুরাসহ অনেক এলাকায় দিনে-রাতে বেশ কয়েক ঘণ্টা গ্যাসের চুলা জ্বলছে না। ফলে রান্নাবান্নায় এসব এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনের পর দিন এই সমস্যার কারণে কেউ কেউ বিকল্প হিসেবে কেরোসিনের চুলা, মাটির চুলা বা ছাদে কাঠ জ্বালিয়ে রান্না করছেন।
মিরপুর ১ নম্বর সেকশনের গোলারটেকের বাসিন্দা আবদুর নূর জানান, বাসার চুলায় সম্ভব না হওয়ায় অফিসে গিয়ে রেস্তোরাঁ থেকে কিনে এনে সকালের নাশতা ও দুপুরের খাবার সারেন। গত কয়েক দিন এমন অবস্থা চলছে।
গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিকে পেট্রোবাংলা থেকে প্রায় এক হাজার ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হয়, তার মাত্র ৮ শতাংশ পায় আবাসিক গ্রাহকেরা, তার পরও গ্যাসের স্বল্পচাপের সবচেয়ে বড় শিকার হচ্ছে তারা। বাকিটা ব্যবহূত হয় বিদ্যুৎকেন্দ্র, শিল্প কারখানা ও বাণিজ্যিক কাজে। শীতকালে তিতাস এলাকায় চাহিদা থাকে কমপক্ষে প্রায় দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস। পাওয়া যায় এক হাজার সাড়ে চার শর মতো। বাসাবাড়িতে গ্যাস সংকটের মূল কারণ এটাই।
এ ছাড়া কিছু সিএনজি স্টেশন কমপ্রেসরের মাধ্যমে গ্যাস টেনে নেওয়ার কারণে আবাসিক গ্রাহকদের চুলায় আঁচ কমে যায়। একটি নির্দিষ্ট এলাকার সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর ওই এলাকায় আবাসিক কাজে ব্যবহূত চুলাগুলোয় আঁচ অনেক বেড়ে যায়। যদিও হরতাল-অবরোধের কারণে সিএনজি স্টেশনগুলোর কিছু কিছু বন্ধ থাকছে।
তিতাস গ্যাস কোম্পানির পরিচালক (অপারেশন) মীর মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গরমকালের তুলনায় শীতকালে স্বাভাবিকভাবেই গ্যাসের ব্যবহার বেড়ে যায়। যেমন গ্রীষ্মকালে ১০ ইউনিট ব্যবহার করলে শীতকালে তা হয়ে যায় কমপক্ষে ১২ ইউনিট। যার জন্য স্বল্পচাপ দেখা দেয়। সরবরাহ বাড়ানো, পাইপলাইন বড় করা এবং অপব্যবহার না কমালে সমস্যা থাকবেই।