গ্যাসের চুলা ব্যবহারে সতর্ক থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘সকালে তাড়াহুড়ো করে বাইরে গেছি। বিকেলে ফিরে এসে দরজা খুলেই দেখি রান্নাঘর থেকে ধোঁয়া আসছে। তখনই মনে পড়ল, বাইরে যাওয়ার সময় চুলা বন্ধ করিনি। জ্বলন্ত চুলার ওপর কাপড় শুকাতে দিয়েছিলাম। ওটাই তপ্ত হতে হতে ধোঁয়া বের হতে শুরু করেছে।’ গ্যাসের চুলা ব্যবহারে এই অসতর্কতার কথা বলেছেন রাজধানীর আজিমপুরের গৃহবধূ শারমিন চৌধুরী।
শারমিন চৌধুরী যে কারণের কথা বললেন, সেটি ছাড়াও রান্নাঘর থেকে আরও অনেকভাবে আগুনের সূত্রপাত হয়। গত শুক্রবার যেমন উত্তরার একটি আবাসিক ভবনে লাইনের ছিদ্র কিংবা ত্রুটিপূর্ণ চুলা থেকে নির্গত গ্যাসের আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এর মধ্যে গৃহকর্তা ও তাঁর দুই ছেলে ইতিমধ্যে মারা গেছেন। গৃহকর্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। গ্যাসের চুলা ব্যবহারে তাই প্রয়োজন সতর্কতা।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা আখতার বলেন, ‘রান্নাঘরে দুর্ঘটনার কারণ চিন্তা করে দেখলেই সেগুলো প্রতিরোধের উপায় বের করা সম্ভব। আর শিশুদের ক্ষেত্রে কিছু বিষয়ে থাকা উচিত সতর্ক।’
তিতাস গ্যাসের বিশেষজ্ঞ কর্মকর্তারা বলছেন, হঠাৎ বাসার বা কর্মক্ষেত্রের চুলার আশপাশের গ্যাসলাইনে লিক বা ছিদ্র হতে পারে। ছিদ্রটি যদি চুলার নব বা সুইচের ওপরে হয়, তা হলে কেবল নব ঘোরালে বা সুইচ অন করলেই গ্যাস বের হবে। এ অবস্থায়
অবশ্যই চুলা বন্ধ রাখতে এবং দক্ষ কারিগর দিয়ে সারিয়ে নিতে হবে।
বিশেষজ্ঞ কর্মকর্তারা বলেন, গ্যাসলাইনে কোনো ত্রুটি বা জরুরি অবস্থার জন্য তিতাস গ্যাসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। তাদের জরুরি ফোন নম্বরগুলো হচ্ছে: মতিঝিল-৯৫৬৩৬৬৭, ৯৫৬৩৬৬৮ (২৪ ঘণ্টা); মিরপুর-৯০১৪২৯১ (সকাল ৬টা থেকে রাত ১০টা) এবং গুলশান-৯৮৯১০৫৪ (২৪ ঘণ্টা)। এ ছাড়া তিতাস গ্যাসের হটলাইন নম্বরেও যোগাযোগ করা যেতে পারে। নম্বরটি হলো: ০২-৯১০৩৯৬০।
তিতাস গ্যাসের ধানমন্ডি জোনপ্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, সাধারণত দুটি কারণে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ড ঘটে। এর একটি হলো গ্যাসলাইনের ছিদ্র বা চুলার চাবি নষ্ট হয়ে যাওয়া। অন্যটি হচ্ছে গ্যাসের চুলা চালু করে অন্য কাজ করা বা এর ওপরে কাপড় শুকাতে দেওয়া। তিনি বলেন, ‘আমাদের কাজ হলো বাসার বাইরে গ্যাসলাইনে কোনো সমস্যা হলে তা মেরামত করা। কিন্তু বাসার অভ্যন্তরে চুলা স্থাপন বা পাইপ নষ্ট হলে সেটা বাসার মালিককে বলে কিংবা নিজেদের উদ্যোগে দ্রুত সারিয়ে নিতে হবে।’
গ্যাসের চুলা ব্যবহারে সতর্কতার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন) মেজর শাকিল নেওয়াজ বলেন, ‘প্রথমেই দরকার সচেতনতা। আপনি যে বাড়িতে থাকছেন, বুঝতে হবে আপনি কিসের ভেতরে আছেন। লাইনের ছিদ্র বা চুলা থেকে গ্যাস বেরোলে শব্দ হবে। গ্যাসের একটা গন্ধও আছে। এগুলো অনুভব করুন। এসব ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।’
মেজর শাকিল বলেন, ‘বাসা থেকে বের হয়ে গেলাম, আর চুলার ওপর কাপড় দিয়ে গেলাম—এটা যেন না হয়। এ জন্য পারিবারিক পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে। পরিবারের যিনি প্রধান, তাঁর উচিত গ্যাস-বিদ্যুৎ ব্যবহার কীভাবে করতে হবে, সেটা সম্পর্কে পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিসকে জানানো হয়, ঠিক তেমনি গ্যাসলাইনে বা চুলায় কোনো সমস্যা হলে দ্রুত তিতাস গ্যাসকে জানানো উচিত।’
ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, গ্যাস বা পেট্রলের দাহ্যক্ষমতা বেশি থাকে। তাই গ্যাসের আগুনে পোড়া রোগীদের শরীরে ১৫-২০ মিনিট ধরে বিশুদ্ধ পানি ঢালতে হবে। গ্যাসের চুলার নবটা ঠিক আছে কি না, তা পরীক্ষা করে ব্যবস্থা নিতে হবে। রান্না শেষে গ্যাসের চুলার চাবিটা ঠিকভাবে বন্ধ করে রাখা উচিত।