টাম্পাকো দুর্ঘটনা নিয়ে তিতাসের প্রতিবেদন
গ্যাসের ত্রুটি নয় সম্ভবত রাসায়নিক থেকেই অগ্নিকাণ্ড
টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় গঠিত তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তদন্ত কমিটি গত বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, কারখানায় গ্যাসলাইনের সংযোগে কোনো ত্রুটি ছিল না। রাসায়নিক পদার্থ থেকেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
১০ সেপ্টেম্বর ওই কারখানায় দুর্ঘটনার পর তিতাস গ্যাস কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এতে আহ্বায়ক করা হয় প্রকৌশলী রানা আকবর হায়দারীকে। বৃহস্পতিবার ওই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তিতাসের কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার গ্যাসের সংযোগ লাইনে কোনো লিকেজ ছিল না। ওই অগ্নিকাণ্ডের ঘটনা রাসায়নিক পদার্থ থেকেই হয়ে থাকতে পারে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা আরও ভালো বলতে পারবেন।
কারখানায় বিস্ফোরণ তিতাসের লাইনের ত্রুটি থেকেই হয়েছিল—কিছু শ্রমিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিতাস তদন্ত করে।
এদিকে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। তারা আরও সময় চাইবে।
ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁদের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে আরও সময় লাগবে। এ জন্য কাল রোববার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে সময় চেয়ে আবেদন করা হবে। কমপক্ষে আরও ১৫ কার্যদিবস সময় চাওয়া হবে বলেও জানান তিনি। ওই কর্মকর্তা বলেন, ‘আগে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। প্রতিদিনই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিতাস কর্তৃপক্ষ, কারখানা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট আরও কয়েকজনের কাছে মতামত চেয়েও এখনো পাওয়া যায়নি।’
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম বলেন, টাম্পাকো দুর্ঘটনায় অধিকতর তদন্তের জন্য আন্তমন্ত্রণালয়ের উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠিত হচ্ছে এবং বর্তমানে কর্মরত জেলা প্রশাসনের তদন্ত কমিটির মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে।
টাম্পাকো কারখানার বিস্ফোরণের পর থেকে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবারও স্বল্প পরিসরে কারখানার জঞ্জাল সরানোর কাজ চলছে। ওই ঘটনায় পৃথক দুটি মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১১ জন। উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন নিখোঁজদের স্বজনেরা।