গ্যাসের দাবিতে অটোরিকশাচালকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা সদরের গাছপাড়া বাইপাস মোড়ে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাস চালকেরা বিক্ষোভ করেছেন। সিএনজি পাম্প মালিকদের ভুলে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্যাসের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
এতে প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা বলেন, পাবনা জেলা সদরে এন আর ও এসোর্ট নামে দুটি সিএনজি স্টেশন রয়েছে। স্টেশন দুটি থেকে জেলার প্রায় ৪ হাজার সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচ শতাধিক মাইক্রোবাস গ্যাস নেয়। কিন্তু হঠাৎ করে গত সোমবার থেকে স্টেশনগুলো গ্যাস দেওয়া বন্ধ করে দেয়। এতে সমস্যায় পড়েন চালকেরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা একটার দিকে বিক্ষুব্ধ চালকেরা একত্র হয়ে পাবনা-ঢাকা মহাসড়কের গাছপাড়া মোড়ে অবস্থান নেন। একপর্যায়ে মহাসড়ক আটকে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আবু কুদ্দুস বলেন, ‘চালকদের অসুবিধার কথা বিবেচনা করে গ্যাস সরবরাহ শুরুর বিষয়ে সবাই একমত হয়েছে।’