গ্যাসের দাবিতে গৃহিণীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন গৃহিণীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে শতাধিক গৃহিণী অংশ নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্মসূচি চলার সময় পুলিশ মোতায়েন রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে শহরের সোনাপুর, জালিয়াল, শল্লাঘটিয়াসহ আশপাশের এলাকার শতাধিক গৃহিণী ও তাঁদের পরিবারের সদস্যরা গ্যাস সরবরাহ বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ইসলামিয়া সড়কে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ে প্রধান ফটকের সামনে যান। তাঁরা প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
সোনাপুরের সওদাগরটেকের গৃহিণী রোজি সিদ্দিকী, রোমানা বেগম, শল্লাঘটিয়ার মাহমুদা আক্তার ও রোকসানা আফরোজ অভিযোগ করেন কয়েক মাস ধরে সকাল ৬টার সময় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, আসে রাত ১২টার পরে। এ অবস্থায় রান্না করতে পারছেন না। অথচ মাস শেষে ঠিকই গ্যাসের বিল পরিশোধ করছেন। এসব বিষয়ে বারবার অভিযোগ করেও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন।
কর্মসূচি চলার সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন বিক্ষোভকারী গৃহিণীদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, নোয়াখালীতে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য ফেনীতে গ্যাসের জাতীয় গ্রিড লাইনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হতে পারে। সংস্কারকাজ শেষ হলে নোয়াখালীতে গ্যাসের চাপ কিছুটা বাড়বে। এতে সমস্যা অনেকাংশে কমে যাবে।