গ্যাসের দাবিতে তিতাসের কার্যালয় ঘেরাও
আবাসিক গ্রাহকদের সার্বক্ষণিক পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে গতকাল রোববার নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করেছে আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি সংগঠন। সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়। পরে তারা ঝাড়ু ও জুতা হাতে মিছিল নিয়ে নগরের চাষাঢ়ায় তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করে। মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি নুরউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সমাজসেবক শাহ্ আলম, এস এ ছাত্তার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, কাউন্সিলর খোদেজা খানম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে নারায়ণগঞ্জের অনেক এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে না। গভীর রাতে অল্প কিছুক্ষণের জন্য গ্যাস পাওয়া যায়। দীর্ঘদিন ধরে রাত জেগে রান্না করতে গিয়ে গৃহিণীরা অসুস্থ হয়ে পড়ছেন। পরে সংগঠনের পক্ষ থেকে ওই কার্যালয়ের উপব্যবস্থাপক মনির হোসেনের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। সমাবেশ থেকে আগামী ২-৬ মে প্রতিটি ওয়ার্ডে গণস্বাক্ষর অভিযান ও পথসভা কর্মসূচি ঘোষণা করা হয়।