গ্যাসের দাবিতে নাটোর শহর অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস সরবরাহের দাবিতে নাটোর গ্যাস সরবরাহ আন্দোলন কমিটির ডাকে হাজার হাজার মানুষ গতকাল শনিবার সকাল ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত নাটোর শহরে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় শহরের প্রধান প্রধান সড়ক অবরুদ্ধ থাকায় থমকে যায় নাগরিক জীবন। ‘গ্যাস চাই দিতে হবে, গ্যাস নিয়ে টালবাহানা আর না আর না’—এমন স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে। মিছিলের শহরে পরিণত হয় নাটোর।কর্মসূচিতে যোগ দিতে সকালে হাজার হাজার লোক শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জড়ো হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান তারা অবরোধ করে। অবরোধ শেষে তারা নাটোর-রাজশাহী সড়কের কানাইখালীতে সমাবেশ করে। কমিটির আহ্বায়ক কাজী আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজার রহমান খান, সিরাজুল ইসলাম ও খন্দকার জুবায়ের হোসেন। সমাবেশে বক্তারা বলেন, এক সপ্তাহের মধ্যে সরকার গ্যাস সরবরাহের সিদ্ধান্ত না জানালে হরতালসহ বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।