গ্যাসের দাবিতে নারায়ণগঞ্জে তিতাস অফিস ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গ্যাস-সংকট সমাধানের দাবিতে নগর বিএনপি ও আমরা নারায়ণগঞ্জবাসী নামের একটি সংগঠনের কর্মীরা আজ বুধবার তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় বিপুলসংখ্যক নারী-পুরুষ ঝাড়ু মিছিল করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস-সংকট সমাধানের দাবিতে দুপুর ১২টার দিকে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাস অফিস ঘেরাও করে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনটি। এ সময় সংগঠনের কর্মীরা তিতাস গ্যাসের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন। সংগঠনের সভাপতি হাজি নুরুউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে কয়েকজন বক্তব্য দেন।


আমরা নারায়ণগঞ্জবাসী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাসের সংকট চলছে। এ সংকট সমাধানে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই। বরং রমজানে এ সংকট আরও প্রকট হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে নগরবাসীর দুর্ভোগ কমাতে অবিলম্বে গ্যাস-সংকটের সমাধানের দাবি জানান তাঁরা। অন্যথায় গ্যাস দিতে ব্যর্থ হলে তিতাস গ্যাসকে আর বিল দেওয়া হবে না বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।


একই সময় শহরের চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গ্যাস-সংকট সমাধানের দাবিতে নগর বিএনপি ও এর অঙ্গসংগঠন বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা তিতাস অফিস ঘেরাও করে। এ সময় বিপুলসংখ্যক নারী-পুরুষ ঝাড়ু মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন।

সমাবেশে নেতারা বলেন, এক সপ্তাহের মধ্যে গ্যাস-সংকট সমাধান না হলে ডিসি অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে এখন থেকে গ্যাস না পেলে বিল না দেওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান তাঁরা।