গ্যাসের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মানিকগঞ্জ পৌর এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন পৌরবাসী। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পৌর মেয়র, পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ মাসুদ রানা (২৬) ও শহিদুর রহমান (৪২) নামের দুজনকে আটক করেছে। এর প্রতিবাদে হরতাল আহ্বান করা হলেও গত সন্ধ্যায় তা প্রত্যাহার করা হয়।
সূত্র জানায়, মানিকগঞ্জ পৌর এলাকায় দুই বছর ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গত রোববার তিতাস গ্যাসের জেলা কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন পৌর মেয়র রমজান আলী। শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে পৌরবাসীকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় (বিজয় মেলা) মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মেয়র রমজান আলীর সভাপতিত্বে কয়েকজন এলাকাবাসী বক্তব্য দেন। সমাবেশ শেষে তিতাস গ্যাস অফিস ঘেরাও করতে বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সহস্রাধিক মানুষ মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে রওনা হন। মিছিলটি শহরের খালপাড় এলাকায় পৌঁছার পর পুলিশ বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বেপরোয়া লাঠিপেটা এবং শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষের শুরুতে শতাধিক লোক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদেরও সরিয়ে দেয়।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আজ বুধবার মানিকগঞ্জ পৌর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়। তবে সন্ধ্যা সাতটার দিকে প্যানেল মেয়র আরশেদ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।