গ্যাসের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের আটটি জেলায় গ্যাস সরবরাহসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধা শহরের স্টেশন রোডের কাচারি বাজার এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন হয়েছে। ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি ওই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন রংপুর বিভাগ সমিতির সভাপতি আবদুল্লাহ আল নাসের, সহসভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ নুরুননবী, সদস্য মফিদুল ইসলাম, মনিরুজ্জামান, মীর তৌহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, রংপুর বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে এ বিভাগ অনেক পিছিয়ে। এ বিভাগের আট জেলায় গ্যাস সরবরাহ এখন সময়ের দাবি। গ্যাস সরবরাহ করা হলে বিভাগের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ ছাড়া বক্তারা গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয়, রংপুর থেকে গোবিন্দগঞ্জ-বগুড়া হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সরাসরি রেলপথ, লালমনিরহাটকে শিল্পনগরী ঘোষণা, বুড়িমারী স্থলবন্দরকে আধুনিকীকরণ, দিনাজপুরে ক্যাডেট কলেজ, দিনাজপুর ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, পঞ্চগড় জেলাকে পর্যটন এলাকা ঘোষণা, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, নীলফামারী ইপিজেডকে পূর্ণাঙ্গ ইপিজেডে চালু, কুড়িগ্রামে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।