লক্ষ্মীপুরে গ্যাসের দাবিতে গতকাল বুধবার সিএনজিচালিত অটোরিকশার চালকেরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।
অটোরিকশার চালকেরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চন্দ্রগঞ্জ শাহী সিএনজি ফিলিং স্টেশনের সামনে দুই ঘণ্টা মানববন্ধন করেন। এরপর তাঁরা বিক্ষোভ মিছিল করেন ও ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চরম দুর্ভোগে পড়ে ওই পথে চলাচলকারী কয়েক শ যাত্রী।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসেম জানান, পুলিশ গিয়ে রাস্তা থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়।
সড়ক পরিবহন কর্তৃপক্ষ সূত্র জানায়, জেলায় প্রায় সাড়ে পাঁচ হাজার অটোরিকশা রয়েছে। আর গ্যাস সরবরাহের জন্য গ্রিন লিফ ফিলিং স্টেশন ও চন্দ্রগঞ্জ শাহী সিএনজি ফিলিং স্টেশন নামে দুটি স্টেশন রয়েছে।
চন্দ্রগঞ্জ শাহী সিএনজি ফিলিং স্টেশনের মেজবাহ উর রহমান চিশ্তী জানান, গ্যাসের চাপ কম থাকায় সাময়িকভাবে এ স্টেশন বন্ধ রাখা হয়েছে। একই কারণেগ্রিন লিফ স্টেশন থেকেও ঠিকমতো গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।