গ্যাসের দাবিতে রংপুরে ১০ মিনিটের স্তব্ধতা

রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১০ মিনিটের জন্য রংপুর শহর স্তব্ধ ছিল। সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে গ্যাস-আন্দোলন কমিটির আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শহরের মেডিকেল মোড় থেকে কাচারিবাজার, সিটি করপোরেশনের সামনে থেকে প্রেসক্লাব হয়ে শাপলা চত্বর; পার্কের মোড় থেকে লালবাগ হয়ে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার সড়কজুড়ে এই কর্মসূচি শুরুর আগেই মানুষ রাস্তায় নেমে পড়ে। ঠিক বেলা ১১টার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে মাইকে বাঁশি বাজানো হয়। আর এ সময় রাস্তার দুই পাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে লোকজন বের হয়ে রাস্তায় নেমে কর্মসূচিতে অংশ নেন। রাস্তার রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, কার, মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন থেমে যায়।
এই কর্মসূচি সফল করতে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে এলাকাবাসী সড়কের বিভিন্ন স্থানে ‘স্তব্ধ কর্মসূচিতে’ যোগ দেয়। এ ছাড়া রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতির ২০০টি সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষ অংশ নেন। আর সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
কর্মসূচি শুরুর আগে সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে ‘অবিলম্বে গ্যাসের দাবিতে সমাবেশ’ অনুষ্ঠানে বক্তব্য দেন গ্যাস-আন্দোলন কমিটির আহ্বায়ক ও মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় রংপুরে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা রংপুরবাসী তাঁর এই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। আমাদের রাজপথে যেন আন্দোলন করতে না নয়।’ গ্যাসের দাবিতে আগামী দিনে গণ-অনশন ও মহাসমাবেশ করার ঘোষণা দেন তিনি।