গ্যাসের দাবিতে রাজনগরে মানববন্ধন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন করেন এলাকাবাসী।
মৌলভীবাজার-কুলাউড়া সড়কের টেংরাবাজারে এই মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেন, টেংরাবাজারের ওপর দিয়ে গ্যাস যাবে। আর এলাকাবাসী এ গ্যাস পাবে না, এটা হয় না। গ্যাসের এই গণদাবি পূরণ করতে হবে। তা না হলে এ অঞ্চলের মানুষ আন্দোলনের মাধ্যমে তা আদায় করবে।
সমাবেশে বক্তব্য দেন রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু খান, এলাকাবাসীর মধ্যে ফজলু খান, নোয়াব খান, ফজলে রব, রাজু আহমদ, ভাস্কর দেব, শাহেদ আহমদ প্রমুখ।
ইউপি চেয়ারম্যান টিপু খান প্রথম আলোকে বলেন, ‘টেংরাবাজার রাজনগর উপজেলার একটি বড় বাজার। এই বাজারকে কেন্দ্র করে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনেক বাসাবাড়ি তৈরি হয়েছে। তাই দলমত-নির্বিশেষে সবাই একাত্ম হয়ে টেংরা ইউনিয়নে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন।