গ্যাসের দাম ও বিনিয়োগ বাড়িয়ে মুনাফার কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধিসম্মত প্রক্রিয়া অনুসরণ না করায় বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনার ব্যবসা হস্তান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনকে। এখন তাদের অগ্রাধিকার হচ্ছে গ্যাসক্ষেত্রগুলোতে নতুন বিনিয়োগ করে এবং গ্যাসের দাম বাড়িয়ে মুনাফা বাড়ানোর। এই লক্ষ্যে সরকারকে কয়েকটি প্রস্তাব দিয়েছে শেভরন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পেট্রোবাংলার সংশ্লিষ্ট সূত্র জানায়, শেভরনের প্রস্তাবের মধ্যে রয়েছে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে চাপযন্ত্র (সেন্ট্রিফিউগাল কম্প্রেসর) স্থাপনে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) মার্কিন ডলার নতুন বিনিয়োগ, প্রতি ইউনিট (১ হাজার ঘনফুট) গ্যাসের দাম বর্তমানের ২ দশমিক ৭৬ ডলারের স্থলে ৩ ডলার করা, উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) মেয়াদ ১০ বছর বাড়ানো, কর্মীদের কল্যাণ তহবিল ও আইনি কাজকর্মের ফি ব্যয় উশুল (কস্ট রিকভারি) খাতে যুক্ত করা প্রভৃতি।

জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ প্রথম আলোকে বলেন, শেভরন চলে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে এবং ৪০ কোটি মার্কিন ডলার নতুন বিনিয়োগের পরিকল্পনা করেছে। বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন বর্তমান পর্যায়ে ধরে রাখতে এই বিনিয়োগ করা হবে। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বলে তাঁর জানা নেই।

মন্ত্রণালয় ও পেট্রোবাংলার সূত্র জানায়, গ্যাসক্ষেত্রের উন্নয়ন ছাড়াও শেভরনের বিনিয়োগ প্রস্তাবের অন্য কারণ আছে। যেমন পিএসসি অনুযায়ী নতুন বিনিয়োগের অর্থ ব্যয় উশুলের খাতে যুক্ত হয়। ফলে অর্থ উশুলের জন্য কোম্পানিকে গ্যাসের অংশ বাড়িয়ে দিতে হয়। বিনিয়োগকৃত অর্থ উশুল না হওয়া পর্যন্ত পেট্রোবাংলার অংশ আনুপাতিক হারে কম থাকে। শেভরনের উন্নয়নকাজে অধিকাংশ ব্যয় আন্তর্জাতিক হারে হয় বলে বিনিয়োগ অপেক্ষাকৃত বেশি হয়। তাই গ্যাসের অংশও বেশি দিতে হয়। ব্যয় উশুলের পর পেট্রোবাংলার গ্যাসের অংশ (প্রফিট গ্যাস) বাড়তে থাকে। একপর্যায়ে কোম্পানি পায় শুধু পরিচালন ব্যয় বাবদ গ্যাসের সামান্য অংশ। কাজেই নতুন বিনিয়োগেই কোম্পানির লাভ বেশি। তবে গ্যাসক্ষেত্র উন্নয়ন ও গ্যাস উত্তোলন বাড়ানোর জন্য অনেক বিনিয়োগের দরকার হয়।

শেভরন কয়েক বছর ধরেই চাপযন্ত্র স্থাপনসহ নানা কাজে নতুন বিনিয়োগের প্রস্তাব নিয়ে পেট্রোবাংলার সঙ্গে আলোচনা চালিয়ে এসেছে। কিন্তু অনুমোদন না পাওয়ায় গত এপ্রিলে শেভরন বাংলাদেশে তিনটি গ্যাসক্ষেত্রের ব্যবসা হস্তান্তর করে চলে যাবে বলে ঘোষণা দেয়। তখন সরকারের পক্ষ থেকে গ্যাসক্ষেত্র তিনটিতে শেভরনের ব্যবসা কিনে রাখা এবং একটি বিদেশি কোম্পানি (উড ম্যাকেঞ্জি) নিয়োগ করে গ্যাসক্ষেত্র তিনটির সম্পদ ও দায়দেনার নিরীক্ষা শুরু করে। এর কিছুদিন পর শেভরন জানায়, চীনা কোম্পানি হিমালয়া এনার্জির সঙ্গে তাদের ব্যবসা হস্তান্তর ও লেনদেনের বিষয় চূড়ান্ত হয়েছে। এই পর্যায়ে তারা হস্তান্তরের বিষয়ে পেট্রোবাংলার অনুমোদন চায়। কিন্তু পিএসসি অনুযায়ী কোনো কোম্পানির সঙ্গে আলোচনা শুরুর আগে পেট্রোবাংলার কাছ থেকে লিখিত অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তাই পেট্রোবাংলা অনুমোদন দেয়নি।

শেষ পর্যন্ত গত ২ অক্টোবর শেভরনের পক্ষ থেকে সরকারকে জানানো হয় যে তারা চলে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তবে বিষয়টি তখনই প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হয়। এরপর শেভরনের এশিয়া অঞ্চলের কয়েকজন কর্মকর্তা ঢাকায় এসে মন্ত্রণালয় ও পেট্রোবাংলার সঙ্গে আলোচনায় বসে স্বীকার করেন যে ব্যবসা হস্তান্তরের জন্য তাঁদের অনুসৃত প্রক্রিয়া বিধিসম্মত হয়নি।

গত রোববার শেভরন তাদের কর্মীদের আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত সিদ্ধান্তের কথা জানায়। তবে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো কারণ জানায়নি। এখন তারা চীনা কোম্পানির সঙ্গে করা চুক্তি বা সমঝোতা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হিমালয়া এনার্জির সঙ্গে চুক্তি বাতিলের জন্য শেভরন হয়তো কিছু ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে।

বাংলাদেশে পিএসসির আওতায় শেভরন যে তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করছে সেগুলো হচ্ছে স্থলভাগের ১২, ১৩ ও ১৪ নম্বর ব্লকের যথাক্রমে বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ। এই তিনটি ক্ষেত্র থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ১৫০ কোটি ঘনফুট গ্যাস তোলা হচ্ছে, যা প্রতিদিন দেশে সর্বমোট সরবরাহ করা ২৭৫ কোটি ঘনফুটের প্রায় ৫৫ শতাংশ।