গ্যাসের দাম নিয়ে কর্মসূচিতে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি। ছবি: ফোকাস বাংলা
গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি। ছবি: ফোকাস বাংলা

গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল, জলকামানের পানি ও ফাঁকা গুলি ছোড়া হয়েছে। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশি ব্যারিকেড। ছবি: ফোকাস বাংলা
আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশি ব্যারিকেড। ছবি: ফোকাস বাংলা

আজ বুধবার দুপুরের দিকে রাজধারীর জাতীয় প্রেসক্লাব ও সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা ১১টার দিকে কয়েকটি বাম দলের নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন।

ঘেরাওয়ের কর্মসূচি চলাকালে অ্যাকশনে পুলিশ। ছবি: ফোকাস বাংলা
ঘেরাওয়ের কর্মসূচি চলাকালে অ্যাকশনে পুলিশ। ছবি: ফোকাস বাংলা

জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর পৌনে ১২টার দিকে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় ঘুরে পল্টনের দিকে যায়। পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি সচিবালয়ের দিকে যাওয়ার লিংকরোড ধরে এগোতে থাকে। লিংকরোডে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে মিছিলটি। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান থেকে পানি ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরা ইট-পাটকেল ছোড়েন। তাঁরা সচিবালয়ের দিকে এগিয়ে যেতে চান।

আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামানের পানি ছুড়ছে পুলিশ। ছবি: ফোকাস বাংলা
আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামানের পানি ছুড়ছে পুলিশ। ছবি: ফোকাস বাংলা

দুপুর সোয়া ১২টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। আন্দোলনকারীরা পিছু হটে। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বেশ কয়েকজন নেতা-কর্মীকে লাঠিপেটা করে পুলিশ। মাটিতে ফেলে বুট দিয়ে আঘাত করে। একই সময় কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। আন্দোলনকারীদের দিকে এগিয়ে যায় পুলিশের সাঁজোয়া যান। বেশ কয়েকটি ফাঁকা গুলির শব্দ পাওয়া যায়। পুলিশের আক্রমণাত্মক আচরণের মুখে আন্দোলনকারী নেতা-কর্মীদের মধ্যে কেউ কেউ জাতীয় প্রেসক্লাবের ভেতরে অবস্থান নেন। কেউ দৌড়ে হাইকোর্টের দিকে চলে যান।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্সের ভাষ্য, পুলিশি হামলায় ৪০-৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

প্রথম আলোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংবাদদাতা জানান, অন্তত ১১ জন আন্দোলনকারী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

এক আন্দোলনকারীর ওপর এক পুলিশের অ্যাকশন। ছবি: ফোকাস বাংলা
এক আন্দোলনকারীর ওপর এক পুলিশের অ্যাকশন। ছবি: ফোকাস বাংলা

ঘেরাওয়ের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে পরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বাম দলগুলোর নেতা-কর্মীরা। এ সময় রুহিন হোসেন প্রিন্স বলেন, তাঁদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। সরকারের ন্যূনতম মানবিকতাবোধ থাকলে আন্দোলনকারীদের কাছে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি পাঠাতে পারত। আলোচনা করে তারা কর্মসূচি স্থগিত করতে পারত। কিন্তু তারা তা না করে পুলিশ দিয়ে আন্দোলনকারীদের ওপর জল কামানের পানি, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে।

আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাঁদের শাস্তির দাবি জানান রুহিন হোসেন প্রিন্স।

কাঁদানে গ্যাসের শেল ও জলকামানের মুখে ইটপাটকেল ছুড়ছেন এক আন্দোলনকারী। ছবি: ফোকাস বাংলা
কাঁদানে গ্যাসের শেল ও জলকামানের মুখে ইটপাটকেল ছুড়ছেন এক আন্দোলনকারী। ছবি: ফোকাস বাংলা

হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে।

আহত এক আন্দোলনকারীকে উদ্ধার করা হচ্ছে। ছবি: ফোকাস বাংলা
আহত এক আন্দোলনকারীকে উদ্ধার করা হচ্ছে। ছবি: ফোকাস বাংলা

পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার নাবিদ কামালের ভাষ্য, কর্মসূচিটি প্রথমে শান্তিপূর্ণ ছিল। কিন্তু লিংকরোডে পুলিশ ব্যারিকেড দিলে আন্দোলনকারীরা সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করেন। তাঁরা পুলিশের ওপর হামলা করেন। তখন ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ।

ফাঁকা গুলির বিষয়ে জানতে চাওয়া হলে নাবিদ কামাল বলেন, ‘এটি মিথ্যা। কোনো গুলি ছোড়া হয়নি’।