তিতাস ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রস্তাব নিয়ে গণশুনানি
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বৈধতা নিয়ে প্রশ্ন গ্রাহক পক্ষের
এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) বিতরণ কোম্পানিগুলোর দেওয়া গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রাহক পক্ষ। তারা বলেছে, এসব প্রস্তাবের ভিত্তি প্রতি ইউনিট গ্যাসের ২৫ টাকা সম্পদমূল্য নির্ধারণ। কিন্তু কোম্পানিগুলোর কাছে এ-সংক্রান্ত সরকারি আদেশ নেই। প্রস্তাবের সঙ্গে তারা তা উপস্থাপনও করতে পারেনি।
এ ছাড়া ২০০৮ সালের নভেম্বরে বিইআরসির দেওয়া গ্যাসের মূল্যবৃদ্ধির আদেশে (যা ওই বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হয়) গ্যাস উন্নয়ন তহবিল গঠন ও ব্যবহারের নির্দেশনা অমান্য করা হচ্ছে বলেও গ্রাহক পক্ষ সুনির্দিষ্ট অভিযোগ করে।
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে বিইআরসির গণশুনানিতে গ্রাহক পক্ষের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এ বিষয়ে সহমত প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার সকালে তিতাস ও বিকেলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রস্তাবের ওপর শুনানিতে তাঁরা এ মত জানান।
শুনানিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও ‘এনার্জি প্রাইসিং’ বিষয়ের গবেষক নুরুল ইসলাম বলেন, সম্পদমূল্য হিসাবে প্রতি ইউনিট গ্যাসের দাম ২৫ টাকা নির্ধারণ কে, কীভাবে করল। গ্যাসের দাম নির্ধারণের আইনি কর্তৃপক্ষ তো বিইআরসি। সরকার যদি এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয়, তবে তা মন্ত্রিসভায় অনুমোদিত হতে হবে। কোম্পানিগুলোর কাছে সেই সরকারি সিদ্ধান্তের কপি পৌঁছাতে হবে। এখানে তেমন কিছু নেই। গ্যাসের দামে শৃঙ্খলা ও স্থিতিশীলতা আনতে হলে প্রথমে দরকার বিদ্যুতের মতো গ্যাসেরও ভোক্তা পর্যায়ে পাইকারি দাম (বাল্ক রেট) নির্ধারণ করা। বিইআরসির উচিত সেই উদ্যোগ নেওয়া। তারপর বিভিন্ন খাতে গ্যাসের দাম সমন্বয় করতে হবে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) উপদেষ্টা এম শামসুল আলম বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গ্যাসের সম্পদমূল্য নির্ধারিত হতে পারে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অনুলিপিও কোম্পানিগুলোকে দেওয়া হয়নি। ২০০৮ সালে গ্যাসের দাম বাড়ানোর সময় বিইআরসির রায় ছিল, গ্যাসের দামের ১১ দশমিক ২২ শতাংশ গ্যাস উন্নয়ন তহবিলে জমা হবে। কিন্তু বিদেশি কোম্পানি থেকে কেনা গ্যাস বিক্রির অর্থ থেকে গ্যাস উন্নয়ন তহবিলে টাকা জমা করা হয় না। তহবিলের ব্যবহারও নীতিমালা অনুযায়ী হচ্ছে না। পেট্রোবাংলা ইচ্ছেমতো এ তহবিল ব্যবহার করছে। এখন আবার সম্পদমূল্য হিসাবে গ্যাসের বাড়তি দাম নিয়ে সেই টাকা কীভাবে ব্যবহৃত হবে, কোথায় যাবে, তা কেউ জানে না।
শুনানিতে সিপিবির রুহিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী এবং সিএনজি অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস মালিক সমিতি, ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনকারী ও ঢাকা চেম্বারের প্রতিনিধিরা অংশ নেন।
যাঁরা গ্যাসভিত্তিক ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন করে স্টিল মিল চালান এবং যাঁরা সরাসরি গ্রিডের বিদ্যুৎ ব্যবহার স্টিল মিল চালান—এই দুই পক্ষের মধ্যে শুনানিস্থলেই বচসা হয়। ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনকারীদের চেয়ে গ্রিডের বিদ্যুৎ ব্যবহারকারীদের জ্বালানি ব্যয় অনেক বেশি হওয়ায় তাঁরা এ ক্ষেত্রে সমন্বয়ের দাবি জানান।
শুনানিতে তিতাস গ্যাস কোম্পানির প্রস্তাব পর্যালোচনা ও মূল্যায়ন করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি বলেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী গ্যাসের সম্পদমূল্য ধরা হলেও তিতাসের গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর দরকার নেই। আর সম্পদমূল্য ধরা হলে পরিশ্চমাঞ্চল গ্যাস কোম্পানির গ্রাহক পর্যায়ে গড়ে ৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো দরকার হবে।
বিইআরসির চেয়ারম্যান এ আর খান ও সদস্য সেলিম মাহমুদ, দেলোয়ার হোসেন, মাকসুদুল হক ও রহমান মুরশিদ শুনানি গ্রহণ করেন।