গ্যাসের দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবি
সরকার নতুন করে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, যা সাধারণ নাগরিকদের ওপর চাপানো হবে। সাধারণ মানুষের ওপর নতুন করে এই বোঝা না চাপানোর দাবি করেছে গণসংহতি আন্দোলন।
গতকাল বুধবার বেলা ১১টায় বরিশাল নগরের অনামী লেনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়। সেখানে বক্তারা বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে তা জনজীবনে বাড়তি বোঝা হিসেবে চেপে বসে। গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যায়। পৃথিবীর সব দেশে কৌশলগতভাবে উৎপাদিত পণ্যের দাম কমিয়ে রেখে উৎপাদনকে উৎসাহিত করা হয়। বাংলাদেশে তার উল্টোটা করা হচ্ছে। ফলে আমাদের শিল্প মার খাচ্ছে।’
বক্তারা আরও বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি মানে বাংলাদেশের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে মার খাওয়া। সরকার গরিব সাধারণ মানুষের ওপর ভ্যাট চাপিয়ে এবং গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে খরচ মেটানোর চেষ্টা করছে। এর ফলে জনজীবন দুর্বিষহ হচ্ছে। শিল্পকারখানা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
বক্তারা বলেন, সরকার গ্যাস খাত থেকে হাজার কোটি কাটা মুনাফা করলেও আবারও দাম বাড়ানোর উদ্যোগ নিতে যাচ্ছে। সরকারি খাতে দুর্নীতি, লুটপাট আর অপচয়ের তহবিল জোগাতে জনগণের মাথায় নতুন বোঝা চাপাতে চাইছে। গ্যাসের মূল্যবৃদ্ধির তৎপরতা বন্ধ করতে হবে।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়ক দেওয়ান আবদুর রশীদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য হারুন অর রশীদ মাহমুদ, মো. শাহজাহান হাওলাদার, আরিফুর রহমান, মালেকা বেগম, আমির হোসেন চৌধুরী, ফরিদা বেগম, নবীন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।