২৯ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে আজ গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি: নাসরিন আকতার
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে আজ গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি: নাসরিন আকতার

গ্যাসের দাম বাড়ানোর সরকারি প্রস্তাবের প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা ২৯ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়া গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ২২ থেকে ২৮ ডিসেম্বর সারা দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ, পদযাত্রা, প্রচার ও গণসংযোগ করার ঘোষণা দিয়েছে মোর্চাটি।

আজ সোমবার সকালে রাজধানীর নির্মল সেন মিলনায়তনে ‘গ্যাসের দাম বৃদ্ধির সরকারি ঘোষণার প্রতিবাদে লাগাতার কর্মসূচি ও আন্দোলনের ঘোষণা’ বিষয়ে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফিরোজ আহমেদ বলেন, দৈনিক পত্রিকায় আসা খবরে দেখা যায়, গ্যাসের দাম বাড়ানোর সরকারি প্রস্তাবে আবাসিক খাতে দুই চুলার গ্যাসের জন্য বর্তমান দাম ৬৫০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হচ্ছে। আর এক চুলার দাম ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হবে। সিএনজির দাম প্রতি ঘনমিটারে ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা, গৃহস্থালিতে মিটারভিত্তিক গ্যাসের দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা এবং শিল্প কারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের জন্য প্রতি ঘন মিটারে গ্যাসের দাম ৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হতে পারে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, শিল্প-বাণিজ্যিক খাত, চা-বাগান প্রভৃতি সব ক্ষেত্রেই গ্যাসের দাম গড়ে ২৫ থেকে ৩০ শতাংশ বাড়বে।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে স্পষ্ট হয়েছে যে গ্যাসের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। জ্বালানি খাতে সরকারের ভুল নীতির দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লেও শ্রমিকদের বেতন বাড়েনি। গ্যাসের দাম বাড়ানোর এ প্রস্তাব শিল্পায়নবিরোধী। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবদুস সালাম, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।