গ্যাসের দাম বাড়ানো স্বেচ্ছাচারী পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের দাম বাড়ানো আওয়ামী লীগ সরকারের স্বেচ্ছাচারী পদক্ষেপ। এক ধাক্কায় ২২ শতাংশের বেশি দাম বাড়ানো জনমতকে চরমভাবে উপেক্ষা করার শামিল। এতে করে বাড়বে বাসাবাড়ির ভাড়া, সার-শিল্পপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও গণপরিবহনের ভাড়া।
গতকাল শুক্রবার বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তাঁরা জনজীবনের অসহনীয় দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে গ্যাসের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিকেল পাঁচটায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বাসদ জেলা শাখার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে জেলা সদস্য সুশান্ত সিনহা ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বক্তব্য দেন।
বক্তারা গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, জনমত উপেক্ষা করে স্বেচ্ছাচারী কায়দায় গ্যাসের দাম এক ধাক্কায় ২২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকার। এতে আবাসিক খাতে মূল্যবৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশের বেশি। সরকারি তথ্যেই দেখা যায়, সবগুলো গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানই প্রতিবছর লাভ করছে, কোনোটিই লোকসানে নেই। পেট্রোবাংলার অধিভুক্ত কোম্পানিগুলো থেকে ২০১৫-১৬ অর্থবছরে প্রায় ছয় হাজার কোটি টাকা কর-লভ্যাংশ-রয়্যালটি বাবদ পেয়েছে সরকার। এরপরও পেট্রোবাংলার নিট মুনাফা ১ হাজার ২৬৯ কোটি টাকার বেশি। এ অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক।