গ্যাসের দাম বাড়ালে হরতালের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ শহর কমিটির ত্রয়োদশ সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফ। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য দেন শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী, শহর কমিটির সদস্য শাহানারা বেগম, শোভা সাহা, শরৎ চন্দ্র মন্ডল, কৃষ্ণা ঘোষ, শাহজাহান, আবদুস সোবাহান, শিশির চক্রবর্তী, সজীব শরীফ প্রমুখ।

জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, রামপাল চুক্তি জনগণ কিছুতেই মেনে নেবে না। এই গণবিরোধী চুক্তি থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে। নতুবা দেশবাসী তা প্রতিহত করবে। এর আগে একবার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আরেক দফা দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। সরকার সাধারণ মানুষের কথা না শুনে অযৌক্তিকভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে নিজেদের অ্যাসাইনমেন্ট পালন করছে। গ্যাসের দাম বাড়ালে কমিউনিস্ট পার্টি, বাসদ ও অন্য বামপন্থীরা হরতালের ডাক দেবে।

নেতারা বলেন, এ সরকারের শাসনামলে মুক্তমনা লেখক, শিল্পী, শিক্ষকদের প্রকাশ্যে হত্যা করা হয়েছে। শিশুদের হত্যা করা হয়েছে। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হাতে খুন হয়েছেন দেশি-বিদেশি ২০ জন। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন খুন হয়েছেন পুলিশসহ আরও তিনজন। বর্তমানে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। ইসলামের নামে জঙ্গিরা টার্গেট করে হিন্দু পুরোহিত, খ্রিষ্টান সম্প্রদায়ের লোক, শিয়া মুসলিম, মসজিদের ইমাম ও বিদেশিদের হত্যা করছে। সরকার তা প্রতিহত করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

নেতারা আরও বলেন, জঙ্গিদের মাস্টারমাইন্ড (মূল পরিকল্পনাকারী) স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের সঙ্গে জোট ও ভোটের রাজনীতি অব্যাহত রেখে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের মতো ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষের দাবি নিয়ে বিএনপি ও তার জোটের কোনো কর্মসূচি নেই। সরকার চায় যেকোনোভাবেই ক্ষমতায় থাকতে আর তথাকথিত বিরোধী দল চায় ক্ষমতায় যেতে। আওয়ামী লীগ ও বিএনপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। লুটেরা ধনিক শ্রেণির রাজনৈতিক দলকে ক্ষমতায় রেখে বা ক্ষমতায় এনে শ্রমজীবী ও মেহনতি সংখ্যাগরিষ্ঠ মানুষের রাজনৈতিক-অর্থনৈতিক কোনো মুক্তি আসবে না। দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও অন্য বাম প্রগতিশীল দল এই অবস্থার উত্তরণ ঘটাতে চায়। তাই দ্বিদলীয় রাজনৈতিক মেরুকরণের বাইরে একটি কার্যকর বিকল্প শক্তি গড়ে তুলতে ঝাঁপিয়ে পড়তে হবে।