গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর কথা জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বিদ্যুতের দাম বাড়াতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীতে আধা বেলা হরতাল ডেকেছে সিপিবি-বাসদ। এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে। যদিও গতকাল শুক্রবার সিলেটে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘গ্যাসের দাম কম ছিল। তাই বাড়ানো হয়েছে।’
গতকাল ঢাকায় শিশু একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘গ্যাসের দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বিইআরসিতে প্রস্তাব করেছিলাম। বিইআরসি সময় নিলেও ওই জায়গাটায় সমন্বয় করেছে। আমি মনে করি, এটা সামান্য হলেও প্রয়োজন ছিল।’ তিনি বলেন, বিইআরসি যেটা যৌক্তিক মনে করেছে, সেই অনুযায়ী দাম নির্ধারণ করেছে। অবশ্য দাম এর চেয়ে বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। এখনকার অর্থনৈতিক পরিস্থিতি, মানুষের আয় এবং ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এটা করেছে। এতে অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব ফেলবে না বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।
বিদ্যুতের দাম বাড়াতে প্রস্তাব করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছি। এখন বিইআরসি ঠিক করবে, তারা বিদ্যুতের ক্ষেত্রে কী করবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘যে গ্যাস আমরা উৎপাদন করি, তার দাম পড়ে ৯ টাকা ৭৫ পয়সা। আর বিক্রি করতে হয় ৭ টাকারও কম। সরকার বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে।’
সিপিবি-বাসদের হরতাল
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে সিপিবি-বাসদ। গতকাল সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা হয়। এসএসসি পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াতে নিযুক্ত বাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এক যৌথ বিবৃতিতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সরকারের দুর্নীতি ও ভুলনীতির ফলে জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর দায় জনগণের ওপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তাঁরা আরও বলেন, চলমান লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে চাইছে সরকার।
লুটপাটের জন্য মূল্যবৃদ্ধি: বিএনপি
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও সীমাহীন লুটপাটের জন্য এই মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। গ্যাসের মূল্যবৃদ্ধির খড়্গ পড়বে সাধারণ মানুষের ওপর।’
রিজভী আরও বলেন, গ্যাসের দাম বাড়ানোর এই প্রভাব অন্যান্য খাতের ওপরও পড়বে। তিনি বিএনপির পক্ষ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।
অন্য দলের প্রতিক্রিয়া
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণাকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। তাঁরা বলেন, ‘আবাসিক ব্যবহারকারীরা চাহিদামতো গ্যাস পাচ্ছেন না। গ্যাসের ঘাটতিরও কোনো সুরাহা হয়নি। এমতাবস্থায় এই মূল্যবৃদ্ধির ঘোষণা গ্রাহকদের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়।’
জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান। গতকাল এক বিবৃতিতে তাঁরা বলেন, এ সিদ্ধান্ত জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করবে।
উল্লেখ্য, আগামী মাস থেকে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য ৭৫০ (বর্তমানে ৬০০) ও আগামী জুন মাস থেকে ৯০০ টাকা বিল দিতে হবে। দুই চুলার জন্য আগামী মাস থেকে ৮০০ (বর্তমানে ৬৫০) এবং জুন মাস থেকে ৯৫০ টাকা বিল দিতে হবে। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, আগামী মাস থেকে তাঁদের ক্ষেত্রে প্রতি ঘনমিটার ৯ টাকা ১০ পয়সা এবং জুন মাস থেকে ১১ টাকা ২০ পয়সা ধার্য করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম মার্চ থেকে প্রতি ঘনমিটার হবে ৩৮ টাকা (বর্তমানে ৩৫) এবং জুন থেকে ৪০ টাকা ধার্য করা হয়েছে।