গ্যাসের পাঁচ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বিতরণ লাইন অপসারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি আবার অভিযান শুরু করেছে। গতকাল সোমবার রাজধানীর কড়াইল বস্তি ও সাভারের আশুলিয়ার টোঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন অপসারণ করা হয়েছে।
এসব অভিযানে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা করেন ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য।
তিতাসের সূত্র জানায়, গতকাল তিতাসের তিনটি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আরও তিন নেতাকে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগেও তিনজকে চাকরিচ্যুত করা হয়। এ ছাড়া সাময়িক বরখাস্ত রয়েছেন প্রায় ১০ জন। এঁদের সবাই অবৈধ বিতরণ লাইন স্থাপনের সঙ্গে সম্পৃক্ত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ পাওয়া গেলে আজ মঙ্গলবার কেরানীগঞ্জের খোলামোড়া, ঘাটারচর, চরওয়াসপুর, শ্যামলাপুর ও ভাকুর্তায় অবৈধ লাইন অপসারণে অভিযান চালানো হবে।
গুলশান ও বনানীর বিভিন্ন রাস্তার গ্যাস লাইনের সঙ্গে অবৈধ পাইপ সংযুক্ত করে লেকের মধ্যে দিয়ে সেই পাইপ নিয়ে কড়াইল বস্তিতে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছিল। গতকাল ওই অবৈধ বিতরণ লাইন অপসারণের অভিযানে নেতৃত্ব দেওয়া তিতাসের গুলশান অঞ্চল-৮-এর ব্যবস্থাপক নাজিমুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা গুলশানের ২৩, ২৮ ও ২৯ এবং বনানীর ৩২ ও ৩৪ নম্বর রাস্তা থেকে কড়াইল বস্তিতে নেওয়া নয়টি অবৈধ লাইন অপসারণ করেছেন।
সূত্র জানায়, গতকাল অপসারণ করা বিতরণ লাইনের দৈর্ঘ্য হবে প্রায় দুই কিলোমিটার।
এ ছাড়া গতকাল আশুলিয়ার টোঙ্গাবাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার অবৈধ বিতরণ লাইন অপসারণ করা হয়। সাভারের কয়েকটি এলাকা থেকে আগেও অবৈধ লাইন অপসারণ করা হয়েছিল। কিন্তু সেগুলোর অধিকাংশ আবার বসানো হয়েছে।
পেট্রোবাংলার হিসাবে, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে প্রায় ২০০ কিলোমিটার অবৈধ বিতরণ লাইন বসানো হয়েছে।