গ্যাসের পাইপ স্থাপনে বাধা প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী এলাকায় গ্যাসের পাইপলাইন স্থাপনে বাধা দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার এলাকাবাসী আধ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে রাখে। এলাকাবাসী পাইপ বসানোয় বাধাদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে লাঠিসোঁটা ও ঝাড়ু নিয়ে ওই সড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় ব্যস্ত সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, চাঁদমারী এলাকাটি বস্তিপ্রধান। এখানে মূলত শ্রমজীবী মানুষের বাস। এ এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট চলছে। এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল নতুন পাইপ স্থাপন শুরু করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে চাঁদমারী এলাকার বাসিন্দা ননী সারোয়ারের জায়গার মাটি খুঁড়ে পাইপ স্থাপনের সময় তিনি তাতে বাধা দেন। এতে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। আবদুল খালেক নামের এক বিক্ষোভকারী শ্রমিক বলেন, চাঁদা দাবি করে ননী সারোয়ার কাজ বন্ধ করে দিয়েছেন— এমন একটি গুজব শুনে তাঁরা বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের মধ্যে পাঁচ-ছয় শ নারী-পুরুষ লাঠিসোঁটা ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করে। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল শুরু হয়। চলাচল বন্ধ থাকায় সড়কটিতে তীব্র যানজট দেখা দেয়। পাইপ স্থাপন কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ সুপারভাইজার মাসুদুর রহমান বলেন, সকালে তাঁরা পাইপ স্থাপন করতে গেলে ননী সারোয়ার বাধা দেন। এ ব্যাপারে ননী সারোয়ার বলেন, তাঁকে না জানিয়ে তাঁর জায়গার ওপর দিয়ে পাইপলাইন বসাতে গেলে তিনি বাধা দেন। তিনি বলেন, তিনি নিজেও পাইপ বসানোর পক্ষে। কিন্তু তিনি মনে করেন, পাইপ বসানোর আগে জায়গার মালিক হিসেবে তাঁকে জানানো উচিত ছিল। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন রাস্তা অবরোধ করে বিক্ষোভের সত্যতা স্বীকার করেছেন। মানববন্ধন: রমজানে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখার দাবিতে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পালন করা এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।কর্মসূচিতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক বিল্লাল হোসেন প্রমুখ।