গ্যাসের পাইপলাইন মেরামতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে তিতাস গ্যাসের পাইপলাইন মেরামতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশের সংযোগ সড়কে ওই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ এনে তাঁদের শাস্তির দাবি করা হয়।
মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন জানান, আগুন ধরে মানুষ আহত হওয়ার পর তিতাস গ্যাসের কর্মকর্তাদের লিখিতভাবে বিষয়টি জানালেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি। তিনি আরও জানান, পুকুরের পাশের সড়ক ব্যবহার করে সিনহা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিক, পুকুরের পাড়ে থাকা একটি মসজিদসহ পাশে গড়ে ওঠা ৪০টি দোকানের কর্মচারীরা চলাচল করেন।
তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব বলেন, পাইপলাইনটি কয়েক দিনের মধ্যেই মেরামত করার ব্যবস্থা নেওয়া হবে।