গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় গতকাল শুক্রবার রাতে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পরপরই সড়কের ওপর আগুন জ্বলে ওঠে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুনের শিখা চার-পাঁচ ফুট উঁচুতে উঠে যায়। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা দোকান বন্ধ করে মালামাল সরাতে থাকেন। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস ছামাদ জানান, ক্ষয়ক্ষতি হওয়ার আগেই তাঁরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। পাইপের যে জায়গায় ফুটো হয়েছে, সেখানে বালিচাপা দেওয়া হয়েছে।তিতাস গ্যাসের গাজীপুর শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, পাইপগুলোতে মরিচা পড়ে গেছে। এ কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ১ মে উপজেলার মৌচাক এলাকার বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ফটকের সামনে একইভাবে গ্যাসের পাইপে ফাটল ধরে। এর কিছুদিন আগে উপজেলার হরিণহাটি অ্যাপেক্স ফুটওয়্যারের সামনে গ্যাসের পাইপ ফেটে যাওয়ার ঘটনা ঘটে।