গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, নারায়ণগঞ্জের গ্যাস-সংকটের সমাধান ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে গণ–অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা।

গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। অবস্থান কর্মসূচি চলাকালে সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন তেল–গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বাসদ জেলার সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

সমাবেশে রফিউর রাব্বি বলেন, লুটপাটের উদ্দেশ্যে সরকার অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। এলপিজি ও এলএনজি কোম্পানির মালিকদের স্বার্থে গ্যাসের এই মূল্যবৃদ্ধি। ভোটারবিহীন নির্বাচনের এই সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে তার সিদ্ধান্তে অটল রয়েছে। সরকারের নীতিমালা জনগণ বা দেশের স্বার্থ চিন্তা করে নয়, বরং কতিপয় দেশি-বিদেশি গোষ্ঠীর স্বার্থে রচিত হয়েছে। তাই সরকারের ভুল নীতি ও দুর্নীতির দায় জনগণ নেবে না। গ্যাস উন্নয়ন তহবিলে ২৫ হাজার কোটি টাকা অলস পড়ে আছে। গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থানে রয়েছে। তাই মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। সরকার বিদ্যুতের দাম বাড়ানোরও ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।