গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের বাড়তি মূল্য প্রত্যাহার ও ‘আমলানির্ভর-ঋণনির্ভর-গরিব মারার’ বাজেট প্রত্যাখ্যান করে মিছিল ও সমাবেশ করেছে সিপিবি ও বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখা।

গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সিপিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির নেতা দুলাল সাহা, বিমল কান্তি দাস, বাসদের নেতা সেলিম মাহমুদ।

সমাবেশে বক্তারা বলেন, গ্যাস লোকসানি খাত নয়। গ্যাস খাত উন্নয়ন তহবিলে ১৯ হাজার কোটি টাকা পড়ে আছে। সরকার তা ব্যবহার করছে না। বিইআরসির আইন অনুযায়ী, বছরে একবারের বেশি কোনো জ্বালানি পণ্যের দাম বাড়ানো যায় না। তারপরও আইন লঙ্ঘন করে বছরে দুবার দাম বাড়ানো হলো। সরকারের এই অন্যায় দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে লড়াইয়ে শামিল হতে হবে। সমাবেশে আরও বলা হয়, গণশুনানিতে সরকার গ্যাসের দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি উপস্থাপন করতে পারেনি।

বক্তারা আরও বলেন, এই বিশাল বাজেট আমলাতান্ত্রিক, অগণতান্ত্রিক, ঋণনির্ভর, ধনীদের স্বার্থ রক্ষাকারী এবং জনগণের কাঁধে বিশাল করের বোঝা চাপানোর দলিল। ফলে এই বাজেট গরিব মানুষের কোনো কাজে আসবে না। বক্তারা এই বাজেট প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানান।