গ্যাসের মূল্যবৃদ্ধি সরকারের ‘গণবিরোধী’ ও ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, গ্যাসের মূল্য বৃদ্ধি করা যাবে না। গ্যাসের মূল্য কমাতে হবে, এটা সবার দাবি।’
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি গতকাল বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
ঢাকার বাইরে রাজশাহী ও সিলেট মহানগর, দিনাজপুর ও মানিকগঞ্জে এ কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। রাজশাহীতে সকাল ১০টায় বিএনপির নেতা-কর্মীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিলে পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায়। সিলেটেও নেতা-কর্মীরা শহীদ মিনারের সামনে জড়ো হলে পুলিশ বাধা দেয়। দিনাজপুরে পুলিশ মাইক ব্যবহার করতে দেয়নি। মানিকগঞ্জে শহীদ রফিক সড়কে বাধা পেয়ে বিএনপির নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে অবস্থান নেন।
ঢাকার কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে। দেশে এমন কোনো অবস্থা সৃষ্টি হয়নি, যাতে করে গ্যাসের দাম বাড়াতে হবে। যেখানে গ্যাস কোম্পানিগুলো মুনাফা করছে, সেখানে গ্যাসের মূল্যবৃদ্ধিরর সিদ্ধান্ত সম্পূর্ণভাবে একটা অযৌক্তিক।
পরিবহন ধর্মঘটের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আপনারা দেখেছেন, সরকারের মন্ত্রীরা উসকানি দিয়ে একটা ধর্মঘট করিয়েছে, তাতে জনগণের দুর্ভোগ হয়েছে, একজন শ্রমিকেরও মৃত্যু হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের দুর্নীতি-দুঃশাসনে জনগণ বিক্ষুব্ধ। মানুষ ভোটের মাধ্যমে এই সরকারকে বিদায় দিতে প্রস্তুত। মানুষ আর ২০১৪ সালের মতো নির্বাচন হতে দেবে না।
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনেও কোনো নির্বাচন হবে না।
স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা ভোটাধিকার কেড়ে নিতে পারে, তারা জনগণের সব অধিকার কেড়ে নিতে পারে। এখন বক্তৃতার সময় নয়, আন্দোলনের সময়। এটাকে মাথায় রেখে মাঠে নামতে হবে।