গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে রিটের রায় ৩০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা গ্যাসের দাম বাড়াতে গত ফেব্রুয়ারিতে নেওয়া সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা রিটের ওপর ৩০ জুলাই রায়ের জন্য দিন রেখেছেন হাইকোর্ট। ওই মূল্যবৃদ্ধির প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন ওই রিট করেন।

রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে ২৩ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১ মার্চ ও ১ জুন থেকে গ্যাসের নতুন দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।বিইআরসির চেয়ারম্যান ও সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর গতকাল শুনানি শেষ হলো।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সাইফুল আলম। বিইআরসির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। পরে এম সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ১৬ জুলাই থেকে রুলের ওপর শুনানি শুরু হয়। গতকাল অষ্টম দিনে রুলের শুনানি শেষ হয়। আদালত ৩০ জুলাই রায়ের জন্য দিন ধার্য করেছেন।

বিইআরসির ওই আদেশ অনুযায়ী মার্চ মাস থেকে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য ৭৫০ টাকা (আগে ৬০০) এবং দুই চুলার জন্য ৮০০ টাকা (আগে ৬৫০) বিল দেওয়ার কথা বলা হয়। আর জুন মাস থেকে এক চুলার জন্য ৯০০ এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দেওয়ার কথা বলা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ১ জুন থেকে কার্যকরের অপেক্ষায় থাকা দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। এই আদেশের বিরুদ্ধে বিইআরসি চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে, শুনানি নিয়ে ৩০ মে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আবেদনটি ৫ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেদিন বিষয়টি উঠলে আপিল বিভাগ শুনানি নিয়ে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে ৩১ জুলাইয়ের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।

সর্বশেষ অবস্থা সম্পর্কে আইনজীবী এম সাইফুল আলম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের আদেশের পর দ্বিতীয় দফায় নির্ধারিত মূল্য কার্যকর হয়। তবে স্থগিতাদেশ বহাল রাখার সময় আপিল বিভাগ বলেছিলেন, রুলের চূড়ান্ত শুনানিতে যদি তা যথাযথ (অ্যাবসলিউট) হয়, তবে ওই স্থগিতাদেশ কার্যকর থাকবে না।