গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রফিউর রাব্বি, দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক, প্রচার সম্পাদক কামাল হোসেন, সদস্য জহিরুল ইসলাম ও আসাদুল হক সরকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সংগঠক জাহাঙ্গীর আলম গোলক, ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক নাসির হোসেন, সাম্যবাদী দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি হানিফুল কবির, মহিলা পরিষদ নারায়ণগঞ্জ শহরের সভাপতি শাহানারা বেগম প্রমুখ।
এ বি সিদ্দিক বলেন, তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তারা দেশের বিভিন্ন স্থানে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখনো অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছেন। সরকার এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে লোকসান কমানোর অজুহাতে গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। অদক্ষতার দায় সরকার আজ জনগণের ওপর চাপাতে চাচ্ছে।
রফিউর রাব্বি বলেন, অর্থমন্ত্রীর বক্তব্যে গোটা দেশবাসী বিস্মিত হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, গ্যাস দিয়ে ভাত-তরকারি রান্না করার মানে হয় না। গৃহস্থালি জ্বালানিতে ব্যবহৃত হয় মাত্র ৭ দশমিক ৫ শতাংশ। অথচ এ সামান্য পরিমাণ গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের এক শ্রেণির কর্মকর্তা তৎপর হয়ে উঠেছেন। তথাকথিত গণশুনানির নামে এ কর্মকর্তারা জনগণের বিপক্ষে গিয়ে জনদুর্ভোগ ডেকে আনছেন। কোনোভাবেই এ অযৌক্তিক মূল্যবৃদ্ধি মেনে নেওয়া হবে না।