গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি উদ্যোগের প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি গতকাল শনিবার মানববন্ধন করেছে। বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির সভাপতি এ বি সিদ্দিক ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের শহর সমন্বয়ক অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক মণি সুপান্থ প্রমুখ। বক্তারা গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগের সমালোচনা করে তা বন্ধের জোর দাবি জানিয়েছেন।
সংগঠনটির সভাপতি এ বি সিদ্দিক বলেন, দেশে ব্যবহৃত জ্বালানি গ্যাসের ১২ শতাংশ আবাসিক খাতে ব্যবহৃত হয়। গৃহস্থালি জ্বালানিতে ব্যবহৃত হয় মাত্র ৭ দশমিক ৫ ভাগ। এ সামান্য পরিমাণ গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য সরকারের একশ্রেণির কর্মকর্তা তৎপর হয়ে উঠেছেন। তথাকথিত গণশুনানির নামে এসব কর্মকর্তা জনগণের বিপক্ষে গিয়ে দুর্ভোগ ডেকে আনছেন। কোনোভাবেই এ অযৌক্তিক মূল্যবৃদ্ধি মেনে নেওয়া হবে না। সরকার এলপি গ্যাস ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য আবাসিক সংযোগের মূল্যবৃদ্ধি করতে চাইছে।
নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রফিউর রাব্বি বলেন, এক দিকে তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তারা দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখনো অবৈধভাবে গ্যাস-সংযোগ দিয়ে যাচ্ছেন। অন্যদিকে সরকার এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে লোকসান কমানোর অজুহাতে গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। অদক্ষতার দায় সরকার আজ জনগণের ওপর চাপাতে চাইছে, যা কখনো মেনে নেওয়া যায় না।