গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

বাংলাদেশে গ্যাসের মূল্য কম বলে অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা হাস্যকর ও জনবিরোধী বক্তব্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন। তিনি বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনবিরোধী সিদ্ধান্ত নেয়। সরকার জনগণের কথা চিন্তা না করে গ্যাসের দাম বাড়িয়েছে।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে নগরের কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে শাহাদাত হোসেন এ কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
সমাবেশ চলার সময় পুলিশ এসে ব্যানার নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয় নাসিমন ভবনের দিকে চলে যান।
সমাবেশে শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামে গ্যাসের চাহিদা রয়েছে ৪০০ থেকে ৪৫০ মিলিয়ন ঘনফুট। কিন্তু পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২২০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে ১৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস কাফকো ও সিইউএফএল নিয়ে যাচ্ছে। বাকি ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস আবাসিক ও শিল্পকারখানায় সরবরাহ হচ্ছে। ২০০৯ সালে চট্টগ্রামে ৬০০ ছোট-বড় শিল্পকারখানা ছিল। গ্যাস ও বিদ্যুতের অভাবে ৩০০ শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে এবং আরও শিল্পকারখানা বন্ধের পথে বলে তিনি জানান।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি করেছে সরকার। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। রপ্তানিমুখী শিল্পকারখানাগুলো বিশাল ক্ষতির মুখে পড়বে।
নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান বলেন, মানুষের ভোটাধিকার, সভা-সমাবেশের অধিকার, কথা বলার স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত। কথায় কথায় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। সরকারের অন্যায়-অত্যাচার ও দুর্নীতির কথা দেশের জনগণকে জানানোর সুযোগ নেই। কারণ, সভা-সমাবেশের যে মৌলিক অধিকার, তাও পুলিশ দিয়ে বন্ধ করে দিচ্ছে।