গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবকে সম্পূর্ণ অযৌক্তিক বলে অভিহিত করে বিদ্যমান মূল্যহার বহাল রাখার দাবি জানিয়েছে নাগরিক সমাজ।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘নাগরিক সমাজ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, গ্যাসের দাম বাড়ালে সরকারের রাজস্ব কিছুটা বাড়বে। কিন্তু মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে যথেষ্ট। কারণ গ্যাসের দাম বাড়লে এর বিরূপ প্রভাব পড়ে কৃষিজাত পণ্যসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর।
সম্প্রতি পেট্রোবাংলা ও এর অধীন সংস্থাগুলোর প্রস্তাব এবং তার ওপর অনুষ্ঠিত গণশুনানির আলোকে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করে। এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর থেকে আবাসিকসহ কয়েকটি শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়ানো হয়। তখন দুই চুলার বিল ৪৫০ থেকে বাড়িয়ে ৬৫০ এবং এক চুলার বিল ৪০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছিল। আর সব গ্রাহকশ্রেণির গ্যাসের দাম সর্বশেষ বাড়ানো হয় ২০০৯ সালের জানুয়ারিতে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম। তিনি বলেন, গণশুনানিতে উপস্থাপিত তথ্যে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামে প্রতিদিন ৩০০ মিলিয়ন ঘনমিটার গ্যাস চুরি হয়। বাসাবাড়িতে গ্যাস-সংকট ও চাপের স্বল্পতায় নগরজীবন এখন বিপর্যস্ত। এসবের প্রতিকার ছাড়া গ্যাসের দাম বাড়ানো অন্যায় ও অযৌক্তিক হবে।
গ্যাসের মূল্যহার বহাল রাখাসহ সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে সাতটি প্রস্তাব তুলে ধরেন সৈয়দ আবুল মকসুদ। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন অনুসারে গ্যাসকে কর ও ভ্যাটের আওতামুক্ত রাখা, পেট্রোবাংলার আয়-ব্যয় খতিয়ে দেখতে অডিটের জন্য বিইআরসির উদ্যোগ গ্রহণ, পেট্রোবাংলার সার্ভিস চার্জ বিচারিক প্রক্রিয়ায় বিইআরসির মাধ্যমে নির্ধারণের জন্য আইনি বাধ্যবাধকতা আরোপ করা ইত্যাদি।