গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল দাবি
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে নারায়ণগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ফতুল্লা থানা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের পাগলা বাজার বাসস্ট্যান্ডের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদের পাগলা আঞ্চলিক কমিটির নেতা এস এম কাদিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, সিপিবির নেতা বিমল কান্তি দাস, বাসদ ফতুল্লা থানার নেতা এম এ মিল্টন, সিপিবির নেতা রবীন্দ্র দাস, নূরুল ইসলাম, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের নেতা রেজাউল করীম প্রমুখ।
নিখিল দাস বলেন, দুই দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়। কারণ, গ্যাস খাত লাভজনক খাত। প্রতিটি গ্যাস কোম্পানি লাভজনক অবস্থায় আছে। গ্যাস খাত থেকে সরকার ভ্যাট-ট্যাক্স বাবদ প্রচুর আয় করে থাকে। গ্যাস খাতের উন্নয়নের নামে যে তহবিল গঠন করা হয়েছে, সেখানে বিপুল পরিমাণ টাকা পড়ে আছে। গণশুনানিতে এ কথাই প্রমাণিত হয়েছে যে দাম বাড়ানোর কোনো যুক্তি নেই; বরং গ্যাসের দাম কীভাবে কমানো যায়, তার জন্য গণশুনানি করা উচিত। অথচ কর্তৃপক্ষ জনগণের দাবি মানল না; বরং দুই ধাপে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো এবং বছরে একবার দাম নির্ধারণের বিধান আছে। কিন্তু দুই দফায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ নিজেই আইন ভঙ্গ করল।
নিখিল দাস আরও বলেন, গ্যাসের দাম সবচেয়ে বেশি বেড়েছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক পর্যায়ে। বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়ানোর ফলে মুদ্রাস্ফীতি এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। ইতিমধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর কথাও বলা হয়েছে। ফলে এটা জনগণের ওপর মড়ার উপর খাঁড়ার ঘায়ের শামিল।