গ্যাসের সংকট, দুর্ভোগে মানিকগঞ্জ পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। চলতি রমজান মাসে এই সংকটের মাত্রাটা আরও বেড়ে গেছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। তারা গ্যাস সরবরাহ বাড়ানোর দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
তিতাস গ্যাসের মানিকগঞ্জের আঞ্চলিক কার্যালয় থেকে জানা গেছে, জেলার ১৫ হাজার ৯৭১টি আবাসিক, ৯৮টি বাণিজ্যিক, ৫৭টি শিল্প, ১৭টি সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ রয়েছে। ঢাকার সাভারের আশুলিয়া থেকে সঞ্চালনা পাইপের মাধ্যমে মানিকগঞ্জে এসব গ্যাস সরবরাহ করা হয়। আশুলিয়া, সাভার এবং ধামরাইয়ে বিভিন্ন কারখানা ও আবাসিক চাহিদা মেটানোর পর অবশিষ্ট গ্যাস মানিকগঞ্জে সরবরাহ করা হয়। এ কারণে মানিকগঞ্জে গ্যাসের চাপ কম।
পৌর এলাকার উত্তর সেওতা গ্রামের বাসিন্দা ইলা আক্তার (২৮) বলেন, রমজান মাসে গ্যাস-সংকট চরম আকার ধারণ করেছে। ইফতার ও সেহরিতে রান্নায় তাঁরা কেরোসিন তেলের স্টোভ ব্যবহার করছেন। প্রতি মাসে সাত-আট লিটার কেরোসিনের জন্য অতিরিক্ত ৫০০ টাকার বেশি খরচ করতে হচ্ছে তাঁদের। বেউথা এলাকার রিক্তা আক্তার বলেন, গ্যাস না মিললেও প্রতি মাসে ৪৫০ টাকা দিতে হচ্ছে। রান্নার জন্য প্রতি মাসে তিন-চার মণ জ্বালানি কাঠ বাবদ অতিরিক্ত আরও দেড় হাজার টাকা খরচ হচ্ছে।
মানিকগঞ্জ পৌর সামাজিক কল্যাণ সমিতির সভাপতি গাজী কামরুল হুদা বলেন, সমস্যা সমাধানের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ঝাড়ুমিছিল, তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও এবং মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তাঁরা। তবুও জেলায় গ্যাস-সংকটের সমাধান হয়নি।
মানিকগঞ্জের পৌর মেয়র মো. রমজান আলী বলেন, ‘গ্যাস-সংকটের সমস্যায় পৌরবাসীর মতো আমার পরিবারও ভুক্তভোগী। পৌরবাসীর এ দুর্ভোগের বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
এসব বিষয়ে যোগাযোগ করা হলে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মানিকগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, গ্যাসের সংকট একটি জাতীয় সমস্যা। গ্যাস উৎপাদন করা না গেলে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, মানিকগঞ্জ ও এর আশপাশে গ্যাসের সংকট সমাধানে তিতাস গ্যাস এবং এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে একটি প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা চলছে। এই প্রকল্প অনুযায়ী টাঙ্গাইলের এলেঙ্গা গ্যাস স্টেশন থেকে সঞ্চালন পাইপের মাধ্যমে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার কূপের গ্যাস মানিকগঞ্জে সরবরাহ করা সম্ভব হলে সংকট কেটে যাবে।