গ্যাসের সংকট, রান্না নিয়ে বিপাকে কারা কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের সংকটের কারণে মানিকগঞ্জ জেলা কারাগারের বন্দীদের খাবার রান্না করতে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। একই কারণে বাসাবাড়িতেও রান্না নিয়ে ভোগান্তিতে রয়েছেন গ্রাহকেরা।
জেলা কারাগার সূত্র জানায়, এক মাস আগে দিন-রাত ২৪ ঘণ্টায় তিন থেকে চার ঘণ্টা গ্যাস পাওয়া গেলেও কারাগারে দুই সপ্তাহ ধরে এক ঘণ্টাও গ্যাস মিলছে না। বাইরে থেকে কাঠের লাকড়ি কিনে বন্দীদের জন্য রান্না করা হচ্ছে। বিকল্প হিসেবে লাকড়ি দিয়ে রান্না করতে অতিরিক্ত সরকারি অর্থ অপচয় হওয়ার পাশাপাশি সময়মতো খাবার পরিবেশন নিয়ে সমস্যা দেখা দিয়েছে।
সূত্র আরও জানায়, গত মঙ্গলবারের হিসাব অনুযায়ী জেলা কারাগারে মোট বন্দী ৫৩৬ জন। তাঁদের মধ্যে হাজতি (বিচারাধীন আসামি) রয়েছেন ৪৩৪ জন এবং কয়েদি (সাজাপ্রাপ্ত আসামি) রয়েছেন ১০২ জন। তাঁদের জন্য তিনবেলা খাবার রান্না করতে হয়। রান্নায় জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা হয়। তবে দুই সপ্তাহ ধরে বন্দীদের রান্নার জন্য লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না। এ কারণে প্রতিদিন কমপক্ষে তিন হাজার টাকার লাকড়ি কিনে রান্না করতে হচ্ছে।
কারাগারের জেলার আবু মুছা বলেন, এক মাস ধরে কারাগারে গ্যাসের সংকট চলছে। তবে দুই সপ্তাহ ধরে এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্যাসের সংকটের কারণে বাসাবাড়িতেও ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। দীর্ঘ সময় গ্যাস না থাকায় সমস্যায় পড়ছেন গৃহিণীরা। শীতে ভোগান্তি আরও বেড়েছে। এ কারণে গ্যাসের বিল দেওয়ার পরও অতিরিক্ত অর্থ খরচ করে কেউ কেউ বাজার থেকে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস কিনে রান্নাসহ গৃহস্থালির কাজ সারছেন।
পৌরসভার গঙ্গাধরপট্টি এলাকার গৃহিণী সাবিহা ইসলাম বলেন, গ্যাস না থাকাটাই এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতে পরিবারের জন্য রান্না, শিশুদের জন্য পানি গরমসহ গৃহস্থালির অন্যান্য কাজে মারাত্মক সমস্যা হচ্ছে।
জেলা শহরের পূর্ব দাশড়া এলাকার আইয়ুব আলী বলেন, ‘ঠান্ডার মধ্যে গোসলের জন্য একটু পানি গরম কিংবা চায়ের পানি গরম করতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। সাংসারিক খরচ মেটানোর পর বাজার থেকে এলপি গ্যাস কেনা কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, জেলার ১২ হাজারের বেশি আবাসিক, ২২০টি বাণিজ্যিক, ৬৪টি শিল্প ও ১৭টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের সংযোগ রয়েছে। ঢাকার সাভারের আশুলিয়া থেকে সঞ্চালন পাইপের মাধ্যমে মানিকগঞ্জে গ্যাস সরবরাহ করা হয়। আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে কারখানা ও আবাসিক চাহিদা মেটানোর পর অবশিষ্ট গ্যাস মানিকগঞ্জে দেওয়া হয়। এ কারণে মানিকগঞ্জে গ্যাসের চাপ কম।
কোম্পানিটির মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক রতন চন্দ্র দে বলেন, সম্প্রতি হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ডে ৪০০ ঘনফুট গ্যাস উৎপাদন কমে গেছে। এ ছাড়া সার কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে বর্তমানে পুরোদমে গ্যাস ব্যবহার করা হচ্ছে। আগামী মাসে বিবিয়ানা গ্যাসফিল্ডে উৎপাদন স্বাভাবিক হলে জেলায় গ্যাসের সংকট অনেকটা কমে যাবে।