গ্যাসের সংযোগ ছাড়াই তিনটি হলের উদ্বোধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন তিনটি হলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত শনিবার একসঙ্গে তিনটি হলের উদ্বোধন করা হলেও এখনো হলগুলোতে গ্যাস ও টেলিফোন সংযোগ দেওয়া হয়নি। নেই বিনোদন ও সংবাদপত্র পড়ার ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসেন। ওইদিন তিনি পাঁচতলাবিশিষ্ট শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও চারতলাবিশিষ্ট কাজী নজরুল ইসলাম ছাত্র হল এবং তিনতলাবিশিষ্ট বেগম ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হলের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা দপ্তর সূত্রে জানা গেছে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ১৬০, কাজী নজরুল ইসলাম হলে ১২৪ ও বেগম ফয়জুন্নেছা চৌধুরানী হলে ১১২টি আসন রয়েছে। এর মধ্যে কাজী নজরুল ইসলাম হলে আরও ৫৬ ও বেগম ফয়জুন্নেছা চৌধুরানী হলে ৮৮টি আসন বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১টি বিভাগের বিভিন্ন বর্ষে এক হাজার ৭০১ জন শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীই কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০০৪ সালের জুলাই মাস থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকল্প শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের এক-চতুর্থাংশ শিক্ষার্থীরও আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। শহর থেকে ১০ কিলোমিটার দূরে ক্যাম্পাসের অবস্থান হলেও নেই পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা। বাধ্য হয়ে শিক্ষার্থীদের কোটবাড়ী এলাকা দিয়ে আশপাশের মেসে বা বাড়িভাড়া করে থাকতে হচ্ছে। এতে একদিকে ব্যয় বাড়ছে, অন্যদিকে পাহাড়ি এলাকায় নিরাপত্তাহীন অবস্থায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াত করতে হচ্ছে। এদিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক ছাত্র আলআমিন ও কামরুজ্জামানসহ তিনটি হলের ছাত্ররা জানান, হলে গ্যাস-টেলিফোন সংযোগ না দিয়েই উদ্বোধন করা হয়েছে। নেই কোনো বিনোদন ও সংবাদপত্র পড়ার ব্যবস্থা। গ্যাস না থাকায় তাঁদের জ্বালানি খরচ বেড়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান বলেন, ‘শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে আরও নতুন হল করা হবে। শিগগিরই গ্যাস ও টেলিফোন সংযোগ দেওয়া হবে।’