গ্যাসের সরবরাহ কম, সিএনজি স্টেশনগুলো বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাসের সরবরাহ না থাকায় ফাঁকা সিএনজি স্টেশন। গতকাল বেলা একটায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্টান্ডের ধামরাই সিএনজি ফিলিং স্টেশন থেকে তোলা ছবি l প্রথম আলো
গ্যাসের সরবরাহ না থাকায় ফাঁকা সিএনজি স্টেশন। গতকাল বেলা একটায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্টান্ডের ধামরাই সিএনজি ফিলিং স্টেশন থেকে তোলা ছবি l প্রথম আলো

মানিকগঞ্জের হরিরামপুর থেকে অসুস্থ বাবাকে প্রাইভেট কারে নিয়ে ঢাকার সাভারে একটি হাসপাতালে যাচ্ছিলেন শহীদুল ইসলাম। বেলা দেড়টার দিকে ধামরাইয়ের জয়পুরায় গাড়িটির গ্যাস শেষ হয়ে যায়। এরপর অন্য একটি গাড়ির সাহায্যে তাঁদের গাড়িটিকে টেনে দুই কিলোমিটার দূরে ধামরাই সিএনজি ফিলিং স্টেশনে নেওয়া হয়। কিন্তু গ্যাসের অভাবে ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় তাঁরা গ্যাস ভরতে ব্যর্থ হন।
পরে অসুস্থ বাবাকে বাসে করে সাভারে নিয়ে যান শহীদুল ইসলাম। গ্যাস-সংকটের কারণে গতকাল বুধবার এভাবেই যানবাহনের শ্রমিক ও যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে অবস্থিত ধামরাই সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, সরবরাহ লাইনে গ্যাস না থাকায় মঙ্গলবার থেকে তাঁরা যানবাহনে গ্যাস সরবরাহ করতে পারছেন না। তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ করেই গ্যাসের চাপ কমে যায়। ওই দিন রাত ১০টার পর চাপ বাড়লেও গতকাল সকাল ১০টার দিকে চাপ আবারও কমে যায়। এ কারণে বেলা সাড়ে ১০টা থেকে তাঁরা ফিলিং স্টেশন বন্ধ করে দেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় কয়েক দিন ধরে সরবরাহ লাইনে গ্যাসের চাপ কমে গেছে। এতে ধামরাই ও মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ১৭টি সিএনজি ফিলিং স্টেশন গ্যাস-সংকটে পড়েছে।
গতকাল বেলা দুইটায় ঢুলিভিটা এলাকার অন্য একটি সিএনজি স্টেশনে গিয়ে ১০টি বাসসহ বিভিন্ন ধরনের অর্ধশত যানবাহনকে গ্যাসের অপেক্ষায় থাকতে দেখা যায়। গ্যাস শেষ হয়ে যাওয়ায় ওই সব যানবাহনের চালকেরা গ্যাসের জন্য ফিলিং স্টেশনে গিয়ে বিপাকে পড়েন।
ওই স্টেশনে গ্যাসের অপেক্ষায় থাকা ঢাকাগামী একটি বাসের চালক রজ্জব আলী বলেন, গ্যাস প্রায় শেষ হয়ে যাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি প্রথমে ধামরাইয়ের জয়পুরা এলাকার পাল সিএনজি স্টেশনে যান। গ্যাসের চাপ কম থাকায় সেখানে যানবাহনের দীর্ঘ সারি দেখে তিনি ধামরাই সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে তা বন্ধ পান। তিনি বলেন, গ্যাস শেষ হয়ে যাওয়ায় যাত্রীদের অনেকেই ভাড়া ফেরত নিয়ে চলে গেছেন। আবার অনেকে গ্যাস ভরার অপেক্ষায় রয়েছেন।
পাল সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিখিল কুমার পাল বলেন, কয়েক দিন ধরে গ্যাসের চাপ কমে গেছে। এ কারণে চাহিদামতো গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখা হচ্ছে। এ কারণে দুপুর ১২টার পরই যানবাহনের চাপ বেড়ে যায়। কিন্তু গ্যাসের চাপ না থাকায় যানবাহনগুলোতে গ্যাস সরবরাহ করা সম্ভব হয় না। গ্যাস সরবরাহ করতে না পারায় অনেক সময় যাত্রী ও যানবাহনের শ্রমিকদের মারমুখী আচরণের শিকার হতে হচ্ছে তাঁর কর্মচারীদের।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মানিকগঞ্জ ও ধামরাই অঞ্চলের ব্যবস্থাপক তপন কুমার দে বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তাঁর এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এ কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলো যানবাহনে গ্যাস সরবরাহ করতে পারছে না। গ্যাসের অভাবে অনেক স্টেশন সাময়িক বন্ধ থাকছে। সরবরাহ বাড়লে এ সমস্যা কেটে যাবে বলে তিনি আশা করেন।