গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার জায়গীরে গতকাল রোববার বসুন্ধরা স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সোহেল রানা নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোহেল সদর উপজেলার গোলড়া চরখণ্ড গ্রামের ইউনুস আলীর ছেলে।সদর থানা পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোহেল (২২) প্রতিদিনের মতো কারখানার ভেতরে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে সিলিন্ডারের ছিপিটি প্রচণ্ড বেগে ছুটে গিয়ে সোহেলের মুখে আঘাত করে এবং সিলিন্ডারটিও উড়ে গিয়ে তাঁর পেটে লাগে। গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ননীভূষণ তরফদার জানান, পেটে প্রচণ্ড আঘাতের কারণে সোহেলের মৃত্যু হয়। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কারখানার ভেতরে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গাফ্ফার জানান, সোহেলের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা ইউনুস আলী অপমৃত্যুর মামলা করেছেন। সদর থানার ওসি আজিজুল হক জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।