গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে গ্যারেজে অগ্নিকাণ্ড, আহত ৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে মোটর গ্যারেজে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে গ্যারেজে রাখা একটি প্রাইভেটকার ও গাড়ির কয়েকটি ইঞ্জিনসহ মূল্যবান যন্ত্রপাতি এবং পাশের চারটি দোকানঘর পুড়ে গেছে। আহত হয়েছেন পাঁচজন। আহতদের শহরের খানপুরে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ফতুল্লার পঞ্চবটী আদর্শ মোটর গ্যারেজে গাড়ির মেরামতকাজ করার সময় গ্যাস-সিলিন্ডারের ত্রুটি থেকে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে গ্যারেজে মেরামতের জন্য রাখা একটি প্রাইভেটকার সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ছাড়া বেশ কয়েকটি গাড়ির ইঞ্জিন ও আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুনে গ্যারেজের পাশের চারটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবনকান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।